 |
| ফাইল ফটো |
ঢাকা: রাজধানীর কোতোয়ালী থানায় বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে মামলা করায় বুধবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণ অনেকটাই ফাঁকা।
ঢাকা জেলা জজ আদালতে বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতাদের জামিন শুনানি হওয়া শর্তেও আদালত এলাকায় বিএনপিপন্থি আইনজীবীদের দেখা যায়নি। অথচ এর আগে বিএনপি নেতাদের যেকোনো মামলা কার্যক্রমের সময় আদালত প্রাঙ্গণে ভিড় জমায় দলীয় আইনজীবীরা।
এর কারণ হিসেবে ৯৯ আইনজীবীর বিরুদ্ধে মামলাকেই দেখছেন। গ্রেফতার এড়াতেই তারা বুধবার আদালত প্রাঙ্গণে আসেননি বলে জানা গেছে।
এমনকি ফখরুলদের বুধবারের জামিন শুনানি করছেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
ঢাকা জজ কোর্টে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় বিএনপি সমর্থক ৯৯ আইনজীবীর নামে মঙ্গলবার রাতে ঢাকার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।
মামলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সানাউল্লাহ মিয়া, বোরহানউদ্দিন, মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়াসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৭০ জনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি (প্রশাসন) সালাহউদ্দিন খান বাংলানিউজকে জানান, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণাদিসহ মামলাটি দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপ ও দলীয়করণের অভিযোগ এনে এর প্রতিবাদে মঙ্গলবার আদালত বর্জনের কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের বিএনপি সমর্থক আইনজীবীরা। এ সময় তারা বিক্ষুব্ধ হয়ে ঢাকা জজ কোর্টে ভাঙচুর চালান।
বিক্ষোভ মিছিলের সময় সংগঠনটির আইনজীবীরা কালো পতাকা নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত, মুখ্য বিচারিক হাকিম আদালত, মহানগর দায়রা জজ আদালত ও জেলা জজ আদালত প্রাঙ্গণে মিছিল করেন।
পুলিশ তাদের এজলাসে ঢুকতে বাধা দিলে তারা বিচারকের উপস্থিতিতেই দরজায় লাথি মারেন। এরপর তারা মহানগর দায়রা জজের প্রশাসনিক কর্মকর্তা ও নাজিরের কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা ভাঙচুর করেন।
এছাড়া আইনজীবীরা ঢাকা জেলা জজ আদালতের নতুন ভবনের তৃতীয় তলায় ঢাকার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদের আদালত কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় তার স্টেনোগ্রাফারের কক্ষের জানালা ভাঙচুর করেন।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মে ২২, ২০১২
এমআই/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর