ঢাকা: ডিএমপি কমিশনার বেনজির আহমেদের সাক্ষাৎ পায়নি বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বাধীন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। ফলে ১১ জুনের জনসমাবেশের ব্যাপারে অনুমতিও মেলেনি বিএনপির।
শনিবার সকাল ১০টায় জয়নুল আবদিন ফারুক ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ না পেয়ে ডিএমপি কার্যালয় থেকে দলটি ফিরে আসে। এ ব্যাপারে এদিন দুপুরে বিএনপি প্রেস ব্রিফিং করবে বলে জানা গেছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, ১৮ দলীয় জোটের ১১ জুনের জনসমাবেশের স্থান ও মাইক ব্যবহারের অনুমতির বিষয়ে কথা বলতে তিন সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যায়।
এর আগে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি বাংলানিউজকে বলেন, ‘আমাদের ১১ জুনের সভার স্থান ও মাইক ব্যবহারের অনুমতি এখনো পাইনি।’
মানিক মিয়া এভিনিউ, পল্টন ময়দান ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের যে কোনো একটি বরাদ্দ পেলেই বিএনপি তাদের কর্মসূচি পালন করবে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এমএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর