 |
| ছবি: নুর এ আলম /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বাংলালিংক মিউজিক স্টেশনে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজের নতুন অ্যালবাম ‘সত্য’ এর গান শোনা যাচ্ছে। এই নতুন অ্যালবাম আনুষ্ঠানিকভাবে বাজারে আসার আগেই বৃহস্পতিবার থেকে বাংলালিংক মিউজিক স্টেশনে ‘সত্য’ অ্যালবামের সবগুলো গান শোনা যাবে।
এক মাস পর আগামী অক্টোবরের মাঝামাঝি অ্যালবামটি বাজারে ছাড়া হবে। বাংলালিংকের গ্রাহকেরা ৫৮৫৮ কোড নম্বরে ডায়াল করে বাংলালিংক মিউজিক স্টেশনের গান উপভোগ করতে পারবেন।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা মনিরুল আলম টিপু বলেন, ‘‘এই অ্যালবামটি অনেক আগেই বাজারে নিয়ে আসার পরিকল্পনা ছিল। ব্যান্ড দলের কোনো সদস্যের বিদেশে যাওয়া, কারো অসুস্থতাসহ বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি। অবশেষে অ্যালবামের কাজ শেষ করতে পেরে পরিত্রাণ পেয়েছি। সংবাদ সম্মেলনে ব্যান্ড দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।’’
মনিরুল আলম টিপু জানান, নতুন অ্যালবামে নয়টি গান রয়েছে। গানগুলো হচ্ছে; আগামী, সত্য, পূর্ণতা, না, জনস্রোতে, যেদিন, রূপকথা, প্রতীক্ষা ও প্রজন্ম। শ্রোতাদের সুবিধার্থে ওয়ারফেজের নতুন অ্যালবাম বাজারে ছাড়ার সময় এর আগে বাংলালিংকের আরবিটি কোড থাকবে।
বাংলালিংকের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘‘এ নিয়ে বাংলালিংক ৬টি অ্যালবামের কাজ সম্পন্ন করেছে। ওয়ারওফেজের সঙ্গে কাজ করতে পেরে আমরা খুশি।’’
বাংলালিংকের হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস, হাই ভ্যালু ও এম এফ এস মার্কেটিং সোলায়মান আলম বলেন, ‘‘৯০’র দশকে আমরা যারা বড় হয়ে উঠেছি, তাদের কাছে ওয়ারফেজের গান নিয়ে সুখময় অনেক স্মৃতি রয়েছে।’’
আয়োজকরা জানান, বাংলালিংক এই প্রথমবারের মতো নিজস্ব মিউজিক স্টেশন ও মোবাইল কনটেন্টের জন্য ওয়ারফেজের গানের অ্যালবাম নিয়ে আসার পাশাপাশি সেটি বাজারে ছাড়ার ক্ষেত্রেও পৃষ্ঠপোষকতা করছে। বাংলালিংক গত কয়েক বছরে বিভিন্ন শিল্পী ও ব্যান্ডদলের আরো পাঁচটি গানের অ্যালবাম সফলতার সঙ্গে বাংলালিংক মিউজিক স্টেশনে নিয়ে এসেছিল।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
আইএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর