ঢাকা: কানাডার টরেন্টোতে প্রবাসী বাঙালিরা যুদ্ধাপরাধীদের বিচার শিগগিরই সম্পন্ন করতে নাগরিক সমাবেশ করেছেন।
গত রোববার স্থানীয় সময় বিকেল ৩টায় ডেনফোর্থের বাংলাদেশ সেন্টারে ‘দেশপ্রেমিক নাগরিক সমাবেশ’ এর ব্যানারে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তরা বলেন, কোনো দুর্বলতার সুযোগে যেন যুদ্ধাপরাধীরা পার পেয়ে না যায়, সে ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
এসময় সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জামায়াত শিবিরের সশস্ত্র হামলা এবং দেশে বিদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে এ ব্যাপারে প্রবাসীদের আরও উচ্চকণ্ঠ হওয়ার আহ্বান জানানো হয়।
সাবেক ছাত্রনেতা মাহবুব আলমের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন, ডাকসুর সাবেক এজিএস নাসির উদদোজা, প্রকৌশলী মনিরুল ইসলাম, শহীদ মুনির চৌধুরীর পুত্রবধু মঞ্জুলী কাজী, চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা সৌমেন সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটি কানাডার সভাপতি শেখর ই গোমেজ, উদীচীর বিদ্যুৎ রঞ্জন দে ও সুমন সাইয়েদ, সাংবাদিক শওগাত আলী সাগর, আওয়ামী লীগ নেতা সৈয়দ আ:
গফ্ফার, হাসিনা আক্তার জানু প্রমুখ।
সম্পূর্ণ অরাজনৈতিক এ আয়োজনে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী সমাবেশে যোগ দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৩