 |
সুমনা হক। শুধু কণ্ঠশিল্পী নন, ভালো চিত্রশিল্পীও। গত বছরের শেষের দিকে বেঙ্গল গ্যালারিতে আয়োজন করা হয়েছিল তার চতুর্থ একক চিত্রপ্রদর্শনী ‘মনের আকাশে রংধনু’। নয় বছর বিরতির পর এই একক চিত্রপ্রদর্শনীর মাধ্যমে তিনি একজন চিত্রশিল্পী হিসেবে আলোচনায় উঠে আসেন।
আবারও এই গুণী কণ্ঠশিল্পী ও চিত্রশিল্পী তার পঞ্চম একক প্রদর্শনী করছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে। মূলত বাংলাদেশ দূতাবাসই তার এ প্রদর্শনীর আয়োজন করেছে।
আগামী ২৪ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। সুমনা হকের মোট ৩৪টি ছবি প্রদর্শনীতে স্থান পাবে। শিল্পী তার এ প্রদর্শনীর নাম দিয়েছেন ‘মনের রঙে নিবিড় খেলা’।
এর আগে ২০০২ সালে প্রথমবারের মতো জাপানের টোকিওতে সুমনা হকের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওই প্রদর্শনীর নাম ছিল ‘নস্টালজিয়া’।
এছাড়া ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল গ্যালারিতে তার প্রথম একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়।
তিনি গত ১৪ জুলাই তার পঞ্চম প্রদর্শনীর জন্য ওয়াশিংটন গেছেন। আগামী ৫ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন। এবারের ঈদে চ্যানেল নাইনের ষষ্ঠ দিনের ‘এ মধুগুঞ্জন’ নামের অনুষ্ঠানে দেখা যাবে তাকে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর