গাজীপুর: সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগে শূন্য হওয়া গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন তার বড় বোন সিমিন হোসেন রিমি। দলীয় একাধিক সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
তবে এ ব্যাপারে সিমিন হোসেন রিমির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
শুক্রবার পারিবারিক এক বৈঠকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের কন্যা ও সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমি তাজ প্রার্থিতা ঘোষণা করেন বলে জানা গেছে।
গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ জানান, তাজউদ্দীন আহমেদের দ্বিতীয় কন্যা সিমিন হোসেন রিমি দলীয় মনোনয়ন চাইবেন। এ ব্যাপারে পারিবারিক সিদ্ধান্ত হয়েছে।
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক সানাউল্লাহ জানান, বিষয়টি তিনিও শুনেছেন। তবে বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
এদিকে বঙ্গতাজকন্যা প্রার্থী হচ্ছেন এমন খবরে শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাজারে আনন্দমিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলে উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সিংহশ্রী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম আল আমিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম দর্জি, আলমগীর প্রমুখ অংশ নেন।
এদিকে কাপাসিয়া উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন, তাজউদ্দীন আহমদের ছোট ভাই সাবেক মন্ত্রী আফসারউদ্দিন আহমদ খান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজউদ্দিন আহম্মেদ মেহেদী, মুক্তিযোদ্ধা মাহমুদুল আলম খান বেনু এবং উপজেলার চেয়ারম্যান ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা, আওয়ামী লীগের আমেরিকা শাখার সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান মোল্লা, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহীদুল্লাহ, জাতীয় পার্টির কাপাসিয়া উপজেলার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, শিল্পপতি আব্দুর রশিদ সরকার, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমানত হোসেন খান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ডা. শহীদুল্লাহ সিকদার, আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা সভাপতি ও সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন, বাংলাদেশ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি ড. মিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন ও বর্তমান সংসদের মহিলা এমপি জাহানারা বেগম এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল। তাঁরা এরই মধ্যে এলাকায় জনসংযোগ ও প্রচার চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, তানজিম আহমদ সোহেল তাজ পদত্যাগ করার পর গত ৭ জুলাই এ আসনটি শূন্য হয়। বৃহস্পতিবার ওই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ করা হবে ৩০ সেপ্টেম্বর, মনোনয়নপত্র জমার শেষ দিন ৩ সেপ্টেম্বর ও প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর।
বাংলাদেশ সময়: ০৮৪৮ঘণ্টা, আগস্ট ২৫, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com