 |
ঢাকা: জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
লেখকের সঙ্গে থাকা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতিতে চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার রাত ১২টায় (বাংলাদেশ সময় রোববার সকাল ১০টা) সর্বশেষ তথ্য জানান তিনি।
মাজহারুল ইসলাম জানান, ডাক্তাররা তাকে স্যুপ, আপেল ও জেলো খাওয়ার পরামর্শ দিয়েছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রের সার্জিক্যাল স্টেপ ডাউন ইউনিটে হুমায়ূন আহমেদকে রাখা হয়েছে। জ্ঞান ফেরার পর অল্প অল্প করে তিনি বিছানা থেকে উঠে চেয়ারে বসছেন। আপেল জুস ও জেলো খেয়েছেন বলে জানান তিনি।
গত শুক্রবার দশ দিনের মাথায় বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় দফা অস্ত্রোপচারের কারণে শারীরিকভাবে তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েন। এদিন সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময়) বেলভিউ হাসপাতালে তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়।
লেখকের সঙ্গে তার স্ত্রী মেহের আফরোজ শাওন সার্বক্ষণিক থাকছেন। এছাড়া নিউইয়র্কে অবস্থানরত লেখকের শুভানুধ্যায়ীরা তার নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।
বৃহদান্ত্রের ক্যান্সারে আক্রান্ত হয়ে হুমায়ূন আহমেদ গত বছরের ১৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য নিউইয়র্কে যান। সেখানে আট মাসে তাকে ১২টি কেমেথেরাপি দেওয়া হয়। আট মাস পর ১১ মে তিনি বাংলাদেশে আসেন। ২০ দিন অবস্থান করে ২ জুন তিনি আবার নিউইয়র্কে ফেরেন। ১২ জুন তার বৃহদান্ত্রে প্রথম দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ওই অস্ত্রোপচারে লোকালাইজ অ্যাম্বুলাইজেশনের মাধ্যমে ক্যান্সার ছড়ানো তিনটি টিউমারই ধ্বংস করা হয়। অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় যান হুমায়ূন আহমেদ। ২১ জুন হঠাৎ করে পেটে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত স্থানীয় জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আবারও বেলভিউ হাসপাতালে নেওয়া হলে জরুরি ভিত্তিতে তার শরীরে দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর
jewel_mazhar@yahoo.com