 |
ঢাকা: চারদিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভোরে কাতারের দোহা থেকে দেশে ফিরছেন।
তাকে বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট ভোর ৫টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সোমবার এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ১৩তম সম্মেলনে (আঙ্কটাড-১৩) যোগদানের জন্য গত ২০ এপ্রিল দোহা যান।
প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ক স্থায়ী আন্তঃসরকার সংস্থা আঙ্কটাডের এ সম্মেলনে উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল- ‘উন্নয়নকেন্দ্রিক বিশ্বায়ন : সার্বিক ও টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন।’
কাতারে অবস্থানকালে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানি ও প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসীম আল-থানির সঙ্গে পৃথক বৈঠক করেন।
প্রধানমন্ত্রী কাতারের প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক সংবর্ধনায় ও দোহায় বিজনেস এসোসিয়েশন অব বাংলাদেশ (বিএএবি) আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায় যোগ দেন।
রোববার দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১২
একেআর
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর