 |
ঢাকা: হত্যার দায়ে অভিযুক্ত সাবেক শীর্ষ চীনা রাজনীতিক বো সিলাইয়ের স্ত্রীর বিচার শুরু হয়েছে চীনের একটি আদালতে। বৃহস্পতিবার অভিযুক্ত বো সিলাইয়ের স্ত্রী গু কায়লায়ের বিচারের শুনানির প্রথম দিন অতিবাহিত হয়। তবে শুনানির প্রথম দিনে মামলার রায় ঘোষণার দিনক্ষণ সম্পর্কে কোনো কথা উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
চীনা কর্তৃপক্ষ সম্প্রতি বো সি লাইয়ের স্ত্রী গু কায়লায় এবং তাদের এক গৃহকর্মচারীকে ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেইউডকে হত্যার দায়ে অভিযুক্ত করে। নিহত ব্রিটিশ ব্যবসায়ী বো পরিবারের ঘনিষ্ঠভাজন ছিলেন বলে ধারণা করা হয়।
চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের হেফেই ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট আদালতে হাজির করা হয় অভিযুক্ত দু’জনকে। গত নভেম্বরে ব্রিটিশ ব্যবসায়ী হেউডকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং নগরীতে এ হত্যাকা- ঘটানো হয় বলে দাবি করে কৌসুঁলিরা। গত বসন্তে অপসারণ হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত এই চংকিং নগরীর কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বো। কৌসুঁলিরা দাবি করেছেন ওই ব্রিটিশ ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে নিজের পুত্রের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই তাকে হত্যার সিদ্ধান্ত নেন বোর স্ত্রী গু।
ধারণা করা হচ্ছে এ হত্যামামলায় দোষী সাব্যস্ত হতে পারেন গু এবং গৃহকর্মী সিয়াজুন। এর ফলে তারা কমপক্ষে দশ বছরের কারাদ- থেকে যাবজ্জীবন কারাবাস এমনকি মৃত্যুদ-েরও সম্মুখীন হতে পারেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
তবে এ কেলেঙ্কারি চীনের ক্ষমতার রাজনীতির গোপন অলিন্দের সৃষ্ট টানপোড়নকেই প্রকাশ্য করলো বলে ধারণা করছেন নিরপেক্ষ বিশ্লেষকরা। বো সিলাইয়ের স্ত্রীর মামলার শুনানি এমন এক সময় শুরু হলো যখন গত এক দশকের মধ্যে প্রথমবারের মত চীনে রাজনৈতিক পালাবদল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় পুরনো নেতৃত্বের হাত থেকে নতুন নেতৃত্বের ওপর চীনের শাসন ক্ষমতা অর্পিত হবে বলে ধারণা করা হচ্ছে।
এ পালাবদলে বো নিজেও গুরুত্বপূর্ণ পদের প্রত্যাশী ছিলেন। মাও জে দংয়ের পর চীনের কমিউনিস্ট বিপ্লবের সবচেয়ে খ্যাতনামা একজনের সন্তান হলেন বো সিলাই।
দায়িত্বে থাকা অবস্থায় চীনের শহর এলাকাগুলোতে আসন গেড়ে বসা সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন বো সিলাই। এছাড়া কমিউনিস্ট পার্টিতে রক্ষণশীল ধারার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অভিহিত করা হয় তাকে। তবে চীনের বর্তমান নেতৃত্বের অনেকেই সংস্কার অভিমুখী।
সব কিছু বিবেচনায় এ মুহুর্তে বো সিলাইয়ের অপসারণ ও তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলার শুনানি চীনের রাজনীতির অভ্যন্তরের ক্ষমতার লড়াই হিসেবেই মনে করছেন অনেকে। এ পর্যন্ত বো সিলাইয়ের পক্ষে চীনের কমিউনিস্ট পার্টিতে কোনো ধরণের তৎপরতা চোখে না পড়লেও দলের মধ্যে এখনও শক্তিশালী সাবেকি পন্থীরা এ ব্যাপারটিকে যে সহজে মেনে নেবে না তা অনেকটাই স্পষ্ট।
বিশেষজ্ঞদের মতে কমিউনিস্ট পার্টির পদ থেকে বো সিলাইয়ের অপমানের সঙ্গে অপসারণ এবং তার স্ত্রীর আদালতে অভিযুক্ত হওয়া চীনের কমিউনিস্ট পার্টির অভ্যন্তরের ক্ষমতার দ্বন্দ্বের বহিঃপ্রকাশের সূচনা মাত্র।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর