 |
ঢাকা : শুক্রবার মিরপুর সাহারা-বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচে ভারতীয় হাই কমিশন দল ২৯ রানে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) দলকে পরাজিত করেছে।
নির্ধারিত ২০ ওভারের ম্যাচে ভারতীয় হাই কমিশন দল টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে বিএসজেএ ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে।
ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের অজয়। খেলা শুরুর আগে দেশের দুই প্রতিথযশা ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান ও জালাল আহমেদ চৌধুরী উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।
ম্যাচ শেষে ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড প্রেস ) সুজিত ঘোষ স্মারক বিনিময় করে বলেন, “এ খেলার জয় পরাজয় মূখ্য নয়। এ খেলায় জয়ী হয়েছে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব।”
তিনি আগামীতেও এমন ম্যাচ আয়োজনের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। বিএসজেএ সভাপতি সৈয়দ মোঃ মামুন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম স্মারক বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর : ভারতীয় হাই কমিশন দল ১৭৪/৩ (অজয় ৬৮, মো: আফসার অপ: ৩০, ভাস্কর ২১, সুজিত ঘোষ ১৬, কল্যাণ অপ: ১৪, অতিরিক্ত ২৫। রেজাউর রহমান ১/১৬, রাবীদ ইমাম ১/২৩, আরিফুল ইসলাম ১/১৫)।
বিএসজেএ একাদশ : ১৪৫/৭ (রেজাউর রহমান ৩৭, রাবিদ ইমাম ৩৫, পার্থ তানভীর ২৩, মোহাম্মদ ইসাম ২৩, রায়হান আল মুঘনি অপ: ৪, এফ আর মুন অপ: ৭, আরিফুল ইসলাম রনি ১, তারেক মাহমুদ ১, রাকিবুল হাসান ০, অতিরিক্ত ১৮। অজয় ২/১৪, মো: আফসার ২/২২, কল্যাণ ২/৩০, সিধু ১/২১)।
পে¬য়ার অব দ্য ম্যাচ : অজয় :ভারতীয় হাই কমিশন।
বাংলাদেশ সময় : ২০৩৭ ঘন্টা, ডিসেম্বর ২১, ২০১২
সম্পাদনা: এসএস