 |
শম্ভু মিত্র, আধুনিক বাঙলানাট্যের প্রবাদপ্রতীম পুরুষ। বাঙলা নাটককে বিশ্ব আঙিনায় পৌছে দিতে যে কজন গুণীব্যক্তি বিশেষ অবদান রেখেছেন শম্ভু মিত্র তাদেরই একজন। তাই দুই বাঙলার মানুষ সমানতালে নাটকপ্রাণ এই মানুষটিকে নিয়ে বিভিন্ন সময় উৎসব-অনুষ্ঠানের আয়োজন করে। শম্ভুমিত্র প্রয়াত হয়েছিলেন ১৯৯৭ সালের ১৯ মে।
এ মাসে তাঁর মুত্যুবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের নতুন নাট্যদল “রবীন্দ্রনগর নাট্যায়ুধ” আয়োজন করছে শম্ভুমিত্র স্মৃতি নাট্য উৎসব। আগামী ২৫ ও ২৬ মে দমদম ক্যান্টনমেন্ট এলাকার ‘দমদম টাউন হলে দুই দিন ব্যাপি নাট্য উৎসব হবে। ২৫ মে উৎসবে প্রধান অতিথি থাকবেন পশ্চিম বঙ্গ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী শ্রী ব্রাত্য বসু। উৎসব উদ্বোধন করবেন নাট্য আকাদেমির সদস্য অভি চক্রবর্তি।
এছাড়াও উপস্থিত থাকবেন শ্রী প্রদীপ মজুমদার প্রধান উপদেষ্টা পৌরপ্রধান পারিষদ সদস্য, ক্রীড়া ও যুব কল্যান বিভাগ, দক্ষিন দমদম পৌরসভা। অতিথি হিসেবে থাকবেন সঞ্জীব চন্দ। উৎসব আয়োজনে সহযোগিতা করছেন দমদম পৌরসভা ও দক্ষিণ দমদম পৌরসভা। উৎসবের অনুষ্ঠান পরিকল্পনা করছেন দানী কর্মকার। দানী কর্মকার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন এবং রবীন্দ্রনগর নাট্যায়ুধ এর প্রতিষ্ঠাতা।
নাট্য উৎসব নিয়ে রবীন্দ্রনগর নাট্যায়ুধ প্রধান দানী কর্মকার বাংলা নিউজকে ই- মেইলে জানিয়েছেন নাটকের দল হিসেবে কার্যক্্রম শুরু করার পর এটাই দলের প্রথম বড় কোন নাট্য উৎসব আয়োজন। নাট্যগুরু শম্ভু মিত্রকে নিয়ে এই উৎসব আয়োজন তাঁর নাট্য কর্মকান্ডের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই করছি। শম্ভু মিত্র বাংলা নাটককে মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছেন। তাই আমরা তাঁকে সম্মান জানাতে এই উৎসব আয়োজন করছি। দমদম ক্যান্টনমেন্ট এলাকায় এতদিন কোন নাট্যর্চচার সুদীর্ঘ ঐতিহ্য গড়ে উঠেনি। এমনকি এখনো পর্যন্ত কোন নাট্য উৎসব অনুষ্ঠিত হয়নি। রবীন্দ্রনগর নাট্যায়ুধ এই প্রথম এই এলাকায় নাট্য উৎসবের আয়োজন করছে। আমরা এর মধ্য দিয়ে দমদম এলাকায় নাট্যচর্চাকে সমৃদ্ধ করতে চাই।
দুই দিনের নাট্য উৎসবে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া ও কলকাতার ৮টি নাট্যদল নাটক প্রদর্শন করবে। ২৫ মে নাটকের দল গোবরডাঙ্গা নকশা প্রদর্শন করবে অশিস দাসের নির্দেশনায় ’সুভা’, দমদমের গোত্রহীন প্রদর্শন করবে সুপ্রতিম রায়ের নির্দশনায় ‘প্রাগৈতিহাসিক’, রবীন্দ্রনগর নাট্যায়ুধ প্রদর্শন করবে দানী কর্মকারের নির্দেশনায় ’নদীতে ভাসালো তরী’, অল্টারনেটিভ লিভিং থিয়েটার প্রদর্শন করবে শুভদীপ গুহের নির্দেশনায় ‘কৃষ্ণকলি’।
উৎসবের ২য় ও শেষ দিনে অশোকনগর নাট্যমুখ প্রদর্শন করবে অভি চক্রবর্তির নির্দেশনায় ’বিষ ছায়া’, উদীচি প্রদর্শন করবে জয়দীপ বিস্বাসের নির্দেশনায় ‘উমেদ’, থিয়েটার শাইন প্রদর্শন করবে শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় ‘ওরা মৃত’, বোকা নক্ষত্র প্রদর্শন করবে অভিজিৎ চক্রবর্তির নির্দেশনায় ‘স্বপ্নের যাত্রা’।
বাংলাদেশ সময় ০০৫৫, মে ২৪, ২০১২
সম্পাদনা : অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর