 |
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘খিলাড়ি ৭৮৬’ মুক্তি পায় গত শুক্রবার। মুক্তির প্রথম দিনে ইন্ডিয়ান বক্সঅফিসে সিনেমাটি আয় করেছে ১০কোটি রুপি।
শুধু তাই না, এর আগের অক্ষয় কুমারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাউড়ি রাঠোর’ এর প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে নতুন এ ছবিটি। পরিচালক আশিষ আর মোহনের ‘খিলাড়ি ৭৮৬’ সিনেমাটি গত ৭ ডিসেম্বর একসঙ্গে ২৭৮৫ হলে মুক্তি দেওয়া হয়।
বিভিন্ন জায়গায় খবর নিয়ে এ সিনেমাটির প্রযোজনা সংস্থা জানান, বর্তমানে ভারতীয় বেশকিছু সিনেমা হলে নাইটশোর সময় বাড়িয়ে দিয়ে আরেকটি শো চালিয়ে ‘খিলাড়ি ৭৮৬’ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
অপরদিকে, ‘দ্য ডন’ পত্রিকা জানায়, খিলাড়ি ৭৮৬ সিনেমাটির নামের সঙ্গে ৭৮৬ থাকায় এর প্রচারণা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সেন্সর বোর্ড।
কারণ ৭৮৬ সংখ্যা তিনটি ইসলাম ধর্মে বিশেষ গুরুত্ব বহন করে। সিনেমাটির প্রচারণা পাকিস্তানের ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় মনোভাব আঘাত করতে পারে, এই আশংকায় এমন সিদ্ধান্ত নেয় দেশটির সেন্সর বোর্ড।
এরই মধ্যে পাকিস্তানে সিনেমাটির সকল বিলবোর্ড নামিয়ে ফেলা হলেও সেন্সরবোর্ড থেকে সিনেমাটি পাকিস্তানের থিয়েটারগুলোতে প্রদর্শনের ছাড়পত্র পেয়েছে। তবে শেষ পর্যন্ত সিনেমাটি পাকিস্তানে প্রদর্শিত হবে কিনা, তা এখনো সঠিকভাবে জানা যায়নি।
সূত্র: ওয়ান ইন্ডিয়া
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১২
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর