 |
ঢাকা: নতুন ওয়েবসাইট (www.tourismboard.gov.bd) উদ্বোধন করেছে জাতীয় পর্যটন সংস্থা ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ড’।
রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ওয়েবসাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
নতুন এ ওয়েবসাইটে ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ড’ ও ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন’ সম্পর্কিত তথ্যাদি, বাংলাদেশের বিভিন্ন হোটেল, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্টদের ঠিকানা ও কার্যক্রম, বাংলাদেশের মানচিত্র, পর্যটন দর্শনীয় স্থানসমূহ, সাংস্কৃতিক ঐতিহ্য, ইমেজ, ফটো গ্যালারি, ই-ব্রোশিওর, ট্যুরিজম ডিরেক্টরি এবং বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট আইনসহ পর্যটন সম্পর্কিত সর্বশেষ সংবাদসমূহ সংযোজন করা হবে।
ইন্টারনেট ব্যবহারকারীরা খুব সহজেই এ ওয়েবসাইট থেকে বাংলাদেশের পর্যটন সম্পর্কিত যাবতীয় তথ্যাদি জানতে ও ডাউনলোড করতে পারবেন।
এছাড়া এ ওয়েবসাইট ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট বারে ক্লিক করে পর্যটন মন্ত্রী ও ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় প্রশ্নও করতে পারবেন।
উল্লেখ্য, দেশ-বিদেশে পর্যটনের প্রসারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ‘ভিজিট বাংলাদেশ ক্যাম্পেইন’ শীর্ষক একটি বিপণন কর্মসূচি হাতে নিয়েছে এ বছর। এরই অংশ হিসেবে ডিজিটাল মার্কেটিং-এর আওতায় এ নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, সচিব মো. আতাহারুল ইসলাম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকতারুজ্জামান খান কবীর, টোয়াব-এর সভাপতি মোহাইমেন সালেহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘন্টা, ০১ জুলাই, ২০১২
এস আর/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর