বাগেরহাট: বাগেরহাট-খুলনা মহাসড়কের খাজুরা এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় আশিষ দেবনাথ (২২) নামে ছাত্রদলকর্মী নিহত হয়েছেন।
তিনি বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার সুভাষ দেবনাথের ছেলে। আশিষ দেবনাথ বাগেরহাট জেলা ছাত্রদলের সদস্য বলে জেলা বিএনপির সভাপতি এম এ সালাম জানান।
বাগেরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, আশিষ দেবনাথ বন্ধু রাজনকে নিয়ে মোটরসাইকেলযোগে খুলনা থেকে বাগেরহাটে যাচ্ছিলেন। তারা মহাসড়কের খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে আশিষ দেবনাথ গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তার বন্ধু রাজন চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর