ঢাকা: রাজধানীতে মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হচ্ছে, শাহ আলম (৩৫), সাকিব বিন সালেহ (৩২) ও রমিজ নেছার চৌধুরী (২৩)।
তেজগাঁও থানার এএসআই মো. জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, বুধবার রাত ৮টার দিকে গুলশান এলাকা থেকে মহিউদ্দীনকে অপহরণ করে ৪ জনের একটি দল। তারা একটি প্রাইভেট কারে করে তাকে নিয়ে যাওয়ার সময় হঠাৎ চিৎকার শুনে বিজয় সরনীতে গাড়িটি আটক করে সার্জেন্ট আতিক।
এএসআই জাহাঙ্গীর জানান, অপহরণকারী ৪ জনের মধ্যে একজন পালিয়ে গেছে। বাকি ৩ জনকে আটক করে থানায় আনা হয়েছে। এব্যাপারে তেজগাঁও থানায় একটি অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপহরণের কারণ সম্পর্কে পুলিশ জানায়, মহিউদ্দীন বিআরটিএ’র একজন দালাল। গাড়ির কাগজপত্র করে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় তাদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেয়। কিন্তু সে তাদের কোনো কাজ না করায় ক্ষিপ্ত হয়ে টাকা আদায়ের লক্ষ্যে তাকে অপহরণ করে তারা।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, মে ২৪, ২০১২
এমকে/এএমএন/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর