ঢাকা: নয়াদিল্লীতে অনুষ্ঠেয় এশিয়ান ট্যুর ও পিজিটিআই প্রতিযোগিতা প্যানাসনিক ওপেনে দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান।
দিল্লী গলফ ক্লাব গ্রাউন্ডে প্রথম রাউন্ডে নির্ধারিত শটের চেয়ে এক শট কম নিয়ে (৭১ শট) যৌথভাবে দশম স্থানে জায়গা করে নেন ২০১০ সালে ব্রুনাই ওপেনজয়ী সিদ্দিকুর। তবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে স্বাগতিকদের ভিড়ে নিজেকে প্রমাণ করেন ২৭ বছর বয়সী এই গলফার। পারের চেয়ে পাঁচ শট কম নিয়ে সবাইকে পেছনে ফেলে উঠে আসেন একেবারে শীর্ষে।
দ্বিতীয় রাউন্ডে তৃতীয়, সপ্তম, অষ্টম, দশম, চৌদ্দ ও আঠারতম হোলে বল ফেলতে নির্ধারিত শটের চেয়ে এক শট কম নেন সিদ্দিকুর। তবে ১২তম হোলে নির্ধারিত শটের চেয়ে এক শট বেশি প্রয়োজন হয়। সবমিলিয়ে ছয় বার্ডির বিপরীতে একটি বগি নেন।
তবে তিন লাখ ডলারের এই প্রতিযোগিতায় শিরোপা জিততে হলে আরো দুটি রাউন্ডে নিজেকে সেরা প্রমাণ করতে হবে মাদারীপুরের এই গলফারকে।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২
এইচবি