সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা থেকে বিক্রি নিষিদ্ধ ১ হাজার ৮০ বোতল যৌন উত্তেজক পানীয়সহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১২’র অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রবিউল হাসান বাংলানিউজকে জানান, একটি সংঘবদ্ধচক্র দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ শহর ও শহরতলির বিভিন্ন দোকানে যৌন উত্তেজক কোমল পানীয় বিক্রি করে আসছিল। গোপনসূত্রে খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাহিরগোলা এলাকায় কমল সাহার গোডাউনে অভিযান চালিয়ে ‘জিনসিন’, ‘পাওয়ার আপ’ ও ‘থ্রি-হর্স’ নামে তিনটি ব্র্যান্ডের ১ হাজার ৮০ বোতল যৌন উত্তেজক পানীয় জব্দ করা হয়।
এ পানীয় বিক্রির অপরাধে পরিবেশক কমল সাহা ও তার কর্মচারী প্রলয় কুমার সাহাকে আটক করা হয়। পরে ২ জনকেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আটকদের কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দকৃত মালামাল র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ২১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর/চূড়ান্ত সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর