 |
ঢাকা: সিরিয়ার সঙ্কট নিরসনে সরকার এবং বিরোধীদের মধ্যে আলোচনা শুরুর ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে নিজেরাও মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। শনিবার সিরিয়া শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমান পারাস্ত বলেছেন, সিরিয়ায় স্থিতিশীলতা এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে ইরান উপযুক্ত ভূমিকা রাখবে। একই সঙ্গে কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে পূর্ণ সমর্থন দিয়ে একে সর্বোত্তম সমাধান বলে উল্লেখ করেছেন তিনি।
এর আগেও তেহরান সিরিয়ার সংঘাত নিরসনে সহায়তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহযোগী বলে আখ্যা দিয়ে সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো, পাশ্চাত্য এবং আরব দেশগুলো তা প্রত্যাখান করেছে।
অন্যদিকে বিদ্রোহীদের অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তার মাধ্যমে সিরিয়ার চলমান সহিংসতা উসকে দিচ্ছে বলে পাশ্চাত্য দেশগুলোকে দোষারোপ করছে ইরান।
শনিবার প্রকাশিত বিবৃতিতে আঞ্চলিক রাষ্ট্রগুলোর সমালোচনা করে মেহমান পারাস্ত বলেন, “কিছু আঞ্চলিক রাষ্ট্র ভাবছে বিদ্রোহীদের অস্ত্র দিয়ে তারা সিরিয়া সঙ্কটের সমাধান করতে পারবে।”
তিনি বলেন, “সংঘাতকে উসকে না দিয়ে এবং সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে ঢেলে না দিয়ে বরং এসব রাষ্ট্রের উচিৎ সরকার ও বিরোধীদের মধ্যে একটি সংলাপ শুরুর জন্য পরিবেশ তৈরি করা।”
সিরিয়া সঙ্কট নিরসনে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের প্রস্তাবিত পরিকল্পনার পক্ষে ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মেহমান পারাস্ত। যদিও এ পরিকল্পনা এখন পর্যন্ত ব্যর্থই বলা যায় তবুও এটাই সিরিয়া সঙ্কটের সর্বোত্তম সমাধান বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া সংঘাত ও সহিংসতায় সিরিয়ায় এ পর্যন্ত প্রায় ১৭ হাজার বেসামরিক নিহত হয়েছে বলে জাতিসংঘের হিসাবে বলা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর