ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদের নামাজে বসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ গ্রামবাসী আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
আহতদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- নিলু মিয়া (৩৫),ইমাম আলী (৩২),মাওলানা বোরহান উদ্দিন(৫০),ইসলাম উদ্দিন (৩৯)। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোড় গ্রামে সকাল ৯টা দিকে ঈদের নামাজে শিশুদের বসা নিয়ে তৈয়ব আলী এবং আব্দুর রশিদের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে সকাল ১০টার দিকে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ১০/১২টি বাড়িঘর এবং একটি মুরগির ফার্ম ভাঙচুর ও লুটপাট করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান,বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর