নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রপ্তানিমুখী একটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় তারা ঈদের আগে সব বকেয়া বেতন পরিশোধের দাবিতে মিছিলও করে।
বুধবার সকালে সিদ্ধিরগঞ্জে ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকার র্যাক ডিজাইন গার্মেন্টস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ করে।
শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে দেখতে পায় অনির্দিষ্টকালের জন্য গার্মেন্ট বন্ধের নোটিশ।
পাওনাদি পরিশোধ না করে মালিক পক্ষ আকস্মিকভাবে কারখানাটি বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা কারখানা এলাকায় তারা বিক্ষোভ করতে থাকে।
শ্রমিকরা বাংলানউজকে জানান, কারখানায় ৬০০ থেকে ৭০০ শ্রমিক কাজ করে। তাদের না জানিয়ে ও পাওনাদি পরিশোধ না করে কারখানা বন্ধ করায় তারা বেকায়দায় পড়েছে। শ্রমিকরা ২ থেকে ৩ মাসের বকেয়া বেতন ভাতা পাবে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর উপ-পরিচালক মাসুদ আহমেদ বাংলানিউজকে জানান, র্যাক কারখানাটি আকস্মিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকরা কোনো উচ্ছৃখল আচরণ করেনি।
তিনি আরও জানান, শ্রমিকদের পাওনাদির বিষয়টি বিকেএমইএ-র নেতাদের জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান/রোকনুল ইসলাম, নিউজরুম এডিটর