২০০৬ সালের `ডি রক স্টার` প্রতিযোগিতার রানার্সআপ নিলয়। প্রতিযোগিতায় বেস্ট ডিজুস রক স্টারও (সমালোচক) হন তিনি। ২০০৮ সালে `সাউথ এশিয়ান রক স্টার প্রতিযোগিতায়` নাম লেখিয়েও প্রশংসা কুড়ান নিলয়। বেশ কিছু মিক্সড অ্যালবামের পাশাপাশি `ফায়ারব্যান্ড` ও `বেস্ট অব নিলয়` (শুধু অনলাইন রিলিজ) নামে দুটি একক অ্যালবামও রয়েছে তার।
নিলয় এবার গড়ে তুললেন ব্যান্ড। নাম `স্কুল অব নিলয়`। ঈদ উপলক্ষে ই মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে স্কুল অব নিলয়ের প্রথম অ্যালবাম। ব্যান্ডের নামেই অ্যালবামটির নাম রাখা হয়েছে। এতে গান রয়েছে আটটি। গানগুলোর কথা লিখেছেন নিলয়, আনিকা, শাহির চৌধুরী ও অমি।
অ্যালবামটি প্রসঙ্গে নিলয় বাংলানিউজকে বলেন, `এ অ্যালবামের সঙ্গে আমাদের অনেক স্বপ্ন ও শ্রম জড়িয়ে ছিল। এ অ্যালবামের সব গানই রক ধরনার। আর আমাদের প্রচেষ্টা অনেকংশেই সার্থক কারণ গানগুলো অনেকেরই পছন্দ হয়েছে।’
স্কুল অব নিলয়ের সদস্যরা হলেন নিলয় (ভোকাল), নাদিম (ড্রামস), ইসফার (লিড) ও বাপ্পী (বেজ)।
বাংলাদেশ সময় ১৫৫০, আগস্ট ২৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক