 |
ঢাকা: ‘আনন্দঘন ঈদে উৎসাহের কমতি ছিল না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঈদের দিন সোমবার সকালে গণভবনে সর্বস্তরের মানুষ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “এটা অত্যন্ত খুশির বিষয় যে, দেশবাসী পূর্ণ আনন্দের সঙ্গে ঈদ উদযাযাপন করতে পারছে। সরকারও সেইদিকে সর্বাত্মকভাবে সচেষ্ট ছিল। কোনো দিক থেকে ত্রুটি রাখা হয়নি।”
দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। ঈদের আগে গভীর রাত পর্যন্ত মানুষজন নির্বিঘ্নে কেনাকাটা করতে পেরেছে। ইচ্ছেমতো ঘুরতে পেরেছে।”
দ্রব্যমূল্য নাগালের মধ্যে ছিল বলেও দাবি করেন তিনি। শেখ হাসিনা বলেন, “কোনো জিনিসের দাম বাড়েনি। সবকিছুই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। এছাড়াও রোজায় সরকার মানুষের প্রয়োজনীয় সব কাজে সঠিকভাবে সহযোগিতা করতে পেরেছে। বিদ্যুৎ, গ্যাস ও পানি নিয়ে মানুষকে সমস্যায় পড়তে হয়নি।”
বিরোধী দলকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী বলেন, “অর্পিত দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে না পারলে কেউই ছেড়ে কথা বলতো না।”
ভবিষ্যৎ পথচলায়ও তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গণভবনে প্রথমে আওয়ামী লীগ নেতাকর্মী, পরে কূটনীতিবিদ, বিচারপতি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সর্বস্তরের মানুষের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমীন চৌধুরী প্রমুখ।
পরে গণভবনে দুস্থদের জন্য ঈদ খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
এমএ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর