 |
আসছে ঈদে প্রচারের লক্ষ্যে নির্মিত হচ্ছে একটি তারকাবহুল টেলিফিল্ম। এতে একসঙ্গে পাঁচ জুটিকে দেখা যাবে। তারা হলেন নায়করাজ রাজ্জাক-মিতা চৌধুরী, রাইসুল ইসলাম আসাদ-শম্পা রেজা, মাহফুজ আহমেদ-তারিন, আনিসুর রহমান মিলন-বাঁধন এবং অপূর্ব-সারিকা। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মীর সাব্বির।
জাকারিয়া সৌখিনের রচনায় ‘ধ্র“বতারা’ শিরোনামের টেলিফিল্মটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী। আগামী ২ জুলাই শুটিং শুরু হবে। এ টেলিফিল্মটির মধ্য দিয়ে প্রথমবার জুটি হয়ে অভিনয় করবেন রাজ্জাক-মিতা চৌধুরী। আর দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ-শম্পা রেজা। এদিকে মিলন-বাঁধনও জুটি হয়ে দুই বছর পর অভিনয় করছেন। অন্যদিকে মাহফুজ-তারিন ও অপূর্ব-সারিকার তালিকায় জুটি হিসেবে আরও একটি টেলিফিল্ম যুক্ত হচ্ছে।
‘ধ্র“বতারা’র গল্পে দেখা যাবে, জাফর চৌধুরীর [রাজ্জাক] একটি রিসোর্ট আছে কক্সবাজারে। তিনি নিজ উদ্যোগে প্রতি বছর ‘লাভ লাইক দ্য ওশান’ শিরোনামের একটি প্যাকেজ পরিচালনা করেন। কারণ, জাফর চৌধুরী বিশ্বাস করেনÑ নিয়মিত চর্চায় সম্পর্ক থাকে সতেজ, সুন্দর এবং গাঢ়। তিনি নিজেও সম্পর্ক চর্চা করছেন। স্ত্রীকে [মিতা চৌধুরী] ভীষন ভালোবাসেন। একইভাবে দম্পতিদের তিনি সম্পর্ক চর্চার বিভিন্ন টিপস দেন। প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছে প্যাকেজটি। বিভিন্ন বয়সের দম্পতি এসেছে। যেমন মধ্যবয়সী অসুখী দম্পতি জুবায়ের-ফাইজা [আসাদ-শম্পা], মানসিক দ্বন্দ্বে ভোগা ব্যবসায়ী দম্পতি ফয়সাল-লুবনা [মাহফুজ-তারিন], সদ্য বিবাহিত দম্পতি অর্ণব-রায়ান [মিলন-বাঁধন] এবং দম্পতি পরিচয়ে বাড়ি থেকে পালিয়ে আসা প্রেমিক যুগল স্বপ্ন-জেনি [অপূর্ব-সারিকা]। সবার মধ্যেই লুকিয়ে আছে একটা অসুখÑ মনে কষ্ট।
‘ধ্র“বতারা’ টেলিফিল্ম প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘গল্পটি আমি শুনেছি। আমার ক্যারেক্টারটি মানুষের সম্পর্ক চর্চা নিয়ে কাউন্সিলিং করে। আসলে সম্পর্ক চর্চা খুব গুরুত্বপূর্ণ। সবমিলিয়ে আমার ভালো লেগেছে। তাই কাজটি করছি। আর চয়নিকা খুব ভালো নির্মাতা। ওর কাজ আমি দেখেছি। আশা করি একটি ভালো টেলিফিল্ম হবে এটি।’ রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘পাণ্ডুলিপি পড়েছি। গল্পটি একটু অন্যরকম। সম্পর্ক নিয়ে অনেক কাজ হয়েছে। কিন্তু এ গল্পে সম্পর্কের ধরন এবং ব্যাখ্যায় নতুনত্ব আছে। আমি আশাবাদী , ভালো একটি কাজ হবে।’
চয়নিকা চৌধুরী গত বছরের রোজার ঈদেও একটি তারকাবহুল টেলিফিল্ম নির্মাণ করেছিলেন। ‘আকাশ জোড়া মেঘ’ শিরোনামের টেলিফিল্মটি এনটিভিতে প্রচার হয়েছিল। এবার তিনি ১১ তারকা নিয়ে ‘ধ্র“বতারা’ নির্মাণ করছেন। তিনি বলেন, ‘আসলে মানুষ তো খুব বেশিদিন বাঁচে না। তাই কিছু ভালো কাজ করে যেতে চাই। আকাশজোড়া মেঘ করেছি, হাসপাতাল করেছি, সাত পাকে বাঁধা করেছি। আর এখন ধ্র“বতারা করছি। এখন আর কিছু বলবো না। দর্শক টেলিফিল্মটি দেখবে আমি এটা প্রত্যাশা করছি।’
বাংলাদেশ সময় ১৬২০, জুন ২৮, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক, বিনোদন