 |
ঢাকা: সম্প্রতি ফ্লাইট শিডিউল বিপর্যয়ের ঘটনায় সংসদীয় কমিটির তোপের মুখে পড়তে যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহমেদ।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৭তম বৈঠকে তাদের দু’জনকে হাজির হওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।
বৈঠকের আলোচ্যসূচিতে বিমানের সার্বিক বিষয় নিয়ে আলোচনার কথা থাকলেও কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত ফ্লাইট শিডিউল সমস্যা নিয়েই আলোচনা হবে।
সম্প্রতি বিমানের শিডিউল বিপর্যয়ের কারণে বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী। গত ১৬ সেপ্টেম্বর বিক্ষুব্ধ যাত্রীরা চট্টগ্রাম বিমানবন্দরে ভাঙচুর চালিয়েছেন। এরপরও পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হয়নি।
ভাড়া করা বোয়িং-৭৪৭ উড়োজাহাজটি গত ১৩ সেপ্টেম্বর বিমানকে না জানিয়েই ওমানের মাস্কট বিমানবন্দরে প্রায় দু’শ যাত্রীকে ফেলে ভেগে যাওয়ায় অচলাবস্থার সূত্রপাত হয়।
৫শ’র বেশি আসনের উড়োজাহাজটির মাধ্যমে কুয়ালালামপুর, জেদ্দা, রিয়াদ, মাস্কটসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ফ্লাইট পরিচালনা করা হতো।
৩০ সেপ্টেম্বরের বৈঠক সম্পর্কে কমিটির সদস্য মইন উদ্দীন খান বাদল বাংলানিউজকে বলেন, “বিমানের ঊর্ধ্বতনদের বৈঠকে ডাকা হয়েছে। তাদের কাছ থেকে পুরো বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হবে।”
বৈঠকে কক্সবাজার বিমানবন্দর ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
এসএইচ/ সম্পাদনা: শাহেদ হোসেন ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com