কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় বুধবার রাত সাড়ে ৯টায় ৩ মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করলো ভ্রাম্যমাণ আদালত।
এরা হচ্ছে, কুমিল্লা চান্দিনা উপজেলার মেহার গ্রামের দুধ মিয়ার ছেলে হোসেন সরকার (৩০), একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে মনির হোসেন (৩০), আওরাল গ্রামের মৃত আরব আলীর ছেলে রিপন (২৮)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সফিউল আলম তাদেরকে এ কারাদণ্ড দেন।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) ফিরোজ জানান, উপজেলার বদরপুর বাজার সংলগ্ন স্থানে দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আসছে এলাকার মাদকসেবীরা। বুধবার রাতে অভিযান চালিয়ে মাদক সেবন করা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে তাদেরকে চান্দিনা থানা হাজতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার তাদেরকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, মে ২৪, ২০১২
রনবীর ঘোষ কিংকর
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর