 |
ঢাকা: বাবা বলতে আমরা সাধারণত রাগি, শাসনে রাখা একজন মানুষকেই বুঝি। কিন্তু সন্তানের প্রতি বাবার যে মমত্ববোধ, সেটা শাসনের অন্তরালেই ঢাকা পড়ে থাকে।
কেবল অনুভূতি প্রকাশের কার্পণ্যের কারণেই বাবার মমত্বের ছোঁয়া থেকে বঞ্চিত হন বাবা-সন্তান উভয়ই।
বাবাকে নিয়ে আবেগের ঘাটতি কবি-সাহিত্যিকদের লেখনীতেও। তবে এই ঘাটতি ঘোচাতেই যেনো বাবা-সন্তানের ভালবাসাকে অভিনব ভাবে উপস্থাপন করলো আবৃত্তি সংগঠন ‘বৈকুণ্ঠ’। আর উপলক্ষ্য হিসেবে বেছে নেওয়া হলো বাবা দিবসকে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির প্রযোজনায় উপস্থাপিত হয় ‘বাবা’। মাসুম আজিজুল বাসারের গ্রন্থনা ও উপস্থাপনায় বাবাকে নিয়ে স্মৃতিচারণমূলক লেখা উপস্থাপন করেন বৈকুণ্ঠের ১০ জন আবৃত্তিশিল্পী। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেন, বৈকুণ্ঠের সভাপতি শিমুল মুস্তফা, শুভেচ্ছা বক্তব্য দেন কবি মহাদেব সাহা।
বাবাকে নিয়ে ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠানস্থল ও প্রবেশপথে নান্দনিক সাজসজ্জা সকলের নজর কেড়ে নেয়। পাবলিক লাইব্রেরির মূল ফটক থেকে প্রবেশ পথের দু’পাশে পৃথিবীর বিভিন্ন ভাষায় অভিহিত বাবা অক্ষরটিকে ক্ষুদ্রাকৃতির প্লেকার্ডে প্রদর্শন ভিন্নমাত্রা যোগ করে।
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, জুন ০৮, ২০১২
এআই
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর