 |
মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজের ৫৮তম জন্মদিন ৭ সেপ্টেম্বর শুক্রবার। কোনো টিভি অনুষ্ঠানের মাধ্যমে যে একটি দেশের কৃষিক্ষেত্রে নীরব বিপ্লব ঘটানো যায়, তা প্রমাণ করেছেন তিনি। শাইখ সিরাজ বর্তমানে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইতে নিয়মিত প্রচারে হচ্ছে ‘হৃদয়ে মাটি ও মানুষ’।
বাংলাদেশ কৃষি ও উন্নয়ন সংবাদিকতার বরেণ্য ব্যক্তিত্ব শাইখ সিরাজ জন্মগ্রহণ করেন ১৯৫৪ সালের ৭ সেপ্টেম্বর চাঁদপুরে।ভূগোলে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জনকারী শাইখ সিরাজ শিক্ষাজীবনেই যুক্ত হন সাংবাদিকতাসহ গণমাধ্যমের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে। টেলিভিশনের সঙ্গে প্রায় তিন যুগের একনিষ্ঠ পথচলার মধ্য দিয়ে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন উন্নয়ন সাংবাদিকতার এক অগ্রপথিক হিসেবে।
গণমাধ্যমে শাইখ সিরাজের উন্নয়নধর্মী প্রচারণায় আমূল পরিবর্তন এসেছে বাংলাদেশের কৃষিতে। স্বাধীনতা পরবর্তী চল্লিশ বছরের বাংলাদেশে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে, এতে পরোক্ষভাবে রয়েছে শাইখ সিরাজের অবদান। মাটি ঘেষা এই মানুুষটি বহুমূখি কর্মকান্ডে গ্রামীন জীবনের বিভিন্ন ক্ষেত্রে এসেছে ইতিবাচক পরিবর্তন।
দেশের উন্নয়ন সাংবাদিকতায় কৃতিত্বপূর্ণ অবদান রাখার কারণে শাইখ সিরাজ ১৯৯৫ সালে লাভ করেছেন মর্যাদাপূর্ণ পুরস্কার একুশে পদক। এছাড়া তিনি পেয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক অর্ধশতাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার, পদক ও সম্মাননা।
আন্তর্জাতিক অঙ্গনেও শাইখ সিরাজ পেয়েছেন স্বীকৃতি। খাদ্য নিরাপত্তা ও দারিদ্র বিমোচন বিষয়ে সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি ২০০৯ সালে অর্জন করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এ এইচ বুর্মা অ্যাওয়ার্ড। এছাড়া তিনি পেয়েছেন ব্রিটেনের বিসিএ গোল্ডেন জুবিলি অনার অ্যাওয়ার্ডস। ব্রিটিশ হাউজ অব কমেন্স তাকে প্রদান করেছে বিশেষ সম্মাননা।
শাইখ সিরাজের কৃষি বিষয়ক কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সকল পত্রপত্রিকা ও টেলিভিশনে কৃষিভিত্তিক কার্যক্রমের পরিধি বেড়েছে। চ্যানেল আইতে জাতীয় সংবাদে প্রতিদিনের কৃষি সংবাদ চালুর মধ্য দিয়ে তিনিই প্রথম দেশের গণমাধ্যমে কৃষিকে প্রাত্যহিক গুরুত্বের মধ্যে নিয়ে আসেন। এর ধারাবাহিকতায় চ্যানেল আইতে একটি পৃথক ও বিশেষ বুলেটি আকারে প্রচার শুরু হয় কৃষি সংবাদ।
বাঙালি ঐতিহ্য তুলে ধরাসহ দেশের কৃষকদের জাগ্রত করার ক্ষেত্রে শাইখ সিরাজ পরিচালিত কৃষকের ঈদ আনন্দ সারাবিশ্বের বাংলা ভাষাভাষীদের মধ্যে ফেলেছে ব্যাপক সাড়া। এর মধ্য দিয়ে তিনি টেলিভিশনের মতো শক্তিশালী গণমাধ্যমকে শহর নগরকেন্দ্রিক সীমাবদ্ধতাকে ভেঙে গ্রামের বিপুল জনগোষ্ঠিকে সম্পৃক্ত করেছেন।
বর্তমানে শাইখ সিরাজ চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধানের দায়িত্ব পালন ছাড়াও চ্যানেল আইতে হৃদয়ে মাটি ও মানুষ, হৃদয়ে মাটি ও মানুষের ডাক এবং বাংলাদেশ টেলিভিশনে কৃষি দিবানিশি অনুষ্ঠান পরিচালনা করছেন। এর বাইরেও তিনি দৈনিক ইত্তেফাকের নিয়মিত কৃষি পাতা ‘মাটি ও মানুষের কৃষি’ সম্পাদনা করছেন।
শাইখ সিরাজের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, মৎস্য ম্যানুয়েল, মাটি ও মানুষের চাষবাস, ফার্মার্স ফাইল, মাটির কাছে মানুষের কাছে, বাংলাদেশের কৃষি : প্রেক্ষাপট ২০০৮, কৃষি ও গণমাধ্যম, কৃষি বাজেট কৃষকের বাজেট (সম্পাদিত), আমার স্বপ্নের কৃষি, কৃষি বাজেট কৃষকের বাজেট (২০১১), সমকালীন কৃষি ও অন্যান্য প্রসঙ্গ (২০১১) ইত্যাদি।
বাংলাদেশ সময় ১৬১০, সেপ্টেম্বর ৭, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক