স্থিরচিত্র
আর সহ্য হচ্ছে না কিছুতেই বিবর্ণ মানবিক বিপর্যয়ের এতো উৎসব
যদিও বুদ্ধের আগুনে পুড়ে যাওয়া কিংবা
পাশের বাড়িতে খুন হওয়া মানুষগুলো
কেবলই সংবাদ!
আর সহ্য হচ্ছে না কিছুতেই বিবর্ণ মানবিক বিপর্যয়ের এতো উৎসব
যদিও বোধের ব্যথায় আমাদের কণ্ঠ ও শব্দ
যাতনার ঝালে যতোটা উন্মুখ
চেতনার জ্বলজ্বলে বারুদে
ততোটা দুরন্ত নয়!
আর আমরা যে বেঁচে আছি। আর এই বেঁচে থাকা আমাদের মধ্যে কোনো অনুভূতির জন্ম দিতে অপারগ আজ। এই সত্যের সাথে মুখোমুখি বসে আমরা। আত্মমৈথুন্যের প্রতিচ্ছবি। এর চেয়ে নগ্ন কুপমণ্ডুকতা মানুষের ইতিহাসে আর কখনো কি এসেছিল আগে?এই প্রশ্নের দিকে তাকিয়ে পাহাড়িফুলের মাতাল গন্ধলতা দুলে ওঠে। মৃত্তিকার বর্ণহীন প্রদেশ থেকে লতিয়ে ওঠে হওয়া। দিগন্তের দিকে তাকিয়ে মেঘেরা মুখ লুকিয়ে ফিরে যাচ্ছে মানুষের আকাশ থেকে। অথচ একটাও হাত নেই যে এঁকে রাখবে রংধনু। এঁকে দিবে দ্রোহ ....
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১২