৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:১৩ এএম BDST banglanew24
06 Sep 2012   11:52:34 AM   Thursday BdST
E-mail this

আমাকে কম কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমাকে কম কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
ছবি: আশিক/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ``আমাকে কম কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। সুতরাং আমি কম কথা বলবো``----চারহাজার কোটি টাকা আত্মসাৎ বড় ঘটনা নয় বলে বেফাঁস মন্তব্য করার তিনদিন পার না হতেই বৃহস্পতিবার উপরোক্ত মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল ‍মুহিত। তিনি আরো বলেন, ``আই হ্যাভ বিন বিয়িং অ্যাডভাইজড টু টক লেস।``

একথা বলে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। এমনকি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গেও কোনো কথা বলেননি অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে বিডি ভেঞ্চার লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

বক্তব্যের শুরুতেই অর্থমন্ত্রী বলেন, ‘‘আমাকে কম কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। সুতরাং আমি আর কি বলবো? আই হ্যাভ বিন অ্যাডভাইজড টু টক লেস।’’ এরপর তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকরা কথা বলার জন্য দাঁড়িয়ে থাকলেও তিনি কথা না বলে দ্রুত চলে যান।

উল্লেখ্য, সরকারি দল আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বুধবার সংসদে এক অনির্ধারিত আলোচনায় অর্থমন্ত্রীকে কম কথা বলার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপস্থিতিতেই তিনি বলেন, “অর্থমন্ত্রীর কথাবার্তায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ওনার বয়েস হয়েছে, বুঝি। ওনার কথা কম বলা ভালো। হলমার্ক কেলেঙ্কারির এতো বড় ঘটনায় সরকার বিব্রত। অথচ ওনার কাছে চার হাজার কোটি টাকা বড় ব্যাপার না। কিন্তু মানুষের কাছে বড় ব্যাপার। এক টাকা হোক, ১০ টাকা হোক, যে টাকা লুট করবে, তার বিচার করতে হবে। আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, তিনি যেন এ ধরনের কথাবার্তা না বলেন। তার জন্য সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।”

অর্থমন্ত্রী অনুষ্ঠানে আরো বলেন, ``উদ্যোক্তা তৈরির জন্য ভেঞ্চার ক্যাপিটাল জরুরি। উন্নত দেশ বিশেষ করে আমেরিকা মহাদেশের দেশগুলোতে ডটকম বিপ্লব এবং নতুন নতুন ব্যবসার প্রসারে ভেঞ্চার ক্যাপিটাল খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। আর বাংলাদেশে আমাদের উন্নয়নশীল অর্থনীতিতে এর বড় ধরনের ভূমিকা থাকতে পারে।

অর্থমন্ত্রী বলেন, ‘‘ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে দেশে ও বিদেশে ব্যবসা সম্প্রসারণে আমি ব্যবসায়ীদের আহ্বান জানাই। আর এ উদ্যোগকে সফল করা গেলে ভেঞ্চার ক্যাপিটালে ব্যবসার জনপ্রিয়তা বাড়বে। সবাই এ ব্যাপারে আগ্রহী হবে।’’ 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডি ভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান এম আফতাব উল ইসলাম, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান আরিফ দৌলা, বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন।  
 
বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
এমআইআর/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান