ঢাকা : নগরীর সৌন্দর্য্য বাড়াতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে রাজধানী ঢাকার লক্কর-ঝক্কর যানবাহনগুলো মেরামতের উদ্যোগ নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। এজন্য বিবর্ণ গাড়িগুলোতে রং করাসহ ভাঙ্গাচোরা গাড়িগুলোকে মেরামত করার নির্দেশ দেবে যোগাযোগ মন্ত্রণালয়।
এ বিষয়ে আগামী রোববার ঢাকার গাড়ি মালিক সংগঠনের নেতাদের নিয়ে রেলভবনে বৈঠক করার কথা রয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নগরীর সৌন্দয্য বৃদ্ধি করার লক্ষ্যেও এসব জঞ্জাল অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের ডাকা বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, মন্ত্রণালয় থেকে গাড়ি মালিকদের গাড়ি মেরামতের নির্দেশ দেওয়া হবে। এক্ষেত্রে যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গাড়ি মেরামতে অর্থাভাবে থাকা মালিকদের জন্য ব্যাংক ঋণের একটা যোগসূত্র তৈরি করে দেওয়ার কথাও রয়েছে।
এ জন্য আগামী রোববারের বৈঠকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদেরও ডাকা হয়েছে।
এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বাংলানিউজকে বলেন, ‘এ উদ্যোগ বাস্তবায়িত হলে খুব ভালো হবে। ইতিমধ্যে ঢাকা সড়ক পরিবহন সমিতির পক্ষ থেকে মালিকদের বৈঠকের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। তাদের অনেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এটি বাস্তবায়নের ব্যাপারে সমিতির পক্ষ থেকে সবোর্চ্চ সহযোগিতা করা হবে।’
এ প্রসঙ্গে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা শহরের মতো বিশ্বের কোথাও এ রকম মুড়ির টিনের মত লক্কর-ঝক্কর গাড়ি চলে না। এসব লক্কর-ঝক্কর গাড়িগুলোর মেরামত হওয়া দরকার। এসব সংস্কারে আগেও সংশ্লিষ্ট দফতরগুলোকে বলা হয়েছে। কিন্তু কার্যকর হয়নি।’
বাংলাদেশ সময় : ২১৩৯ ঘণ্টা, মে ২৪, ২০১২
এমইউএম
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর