বগুড়া: বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে নতুন করে সোনালী ব্যাংকের মামলায় জড়ানোর প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি ঘোষিত ৮ দিন ব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে একযোগে জেলার সব ইউনিয়নে মানববন্ধন করেছে বিএনপি।
শনিবার জেলার ১২টি উপজেলার ১০৭টি ইউনিয়নে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া জেলা বিএনপি’র দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
কর্মসূচি পালনকালে বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলমসহ জেলা, উপজেলা, ও ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নেতারা মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব দেন।
এরআগে ৮ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে ১১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলার ১২টি পৌরসভার ১১৬টি ওয়ার্ডে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ সময় : ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
মামুন/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com