 |
চট্টগ্রাম: মহাজোট সরকারকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘সরকার পুলিশ বাহিনীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করছে।’
রোববারের ঘটনার জন্য তিনি পুলিশকে দায়ী করে বলেন, ‘পুলিশ সরকার দলীয় ক্যাডারের ভূমিকা পালন করছে।’
রোববার চট্টগ্রামে ১৮ দলীয় জোটের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার বিকালে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে সাধারণ জনগণের ওপর যে অত্যাচার নির্যাতন করছে, তা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না।’
রোববারের ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস অবহিত করে তিনি বলেন, ‘সরকার পুলিশ বাহিনীর একটা অংশকে দলীয় ক্যাডারের ভূমিকায় নামিয়েছে। তাদের ভূমিকা আমরা দেখছি।’
রোববারের ঘটনায় বিএনপি নয়, জনগণ রাস্তায় নেমেছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফেরত, কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার বিক্ষোভ সমাবেশ করার সময় চট্টগ্রামে ১৮ দলীয় জোটের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এতে কাজির দেউড়ি, এনায়েত বাজার, নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় পুলিশ ও বিরোধীদলীয় নেতাকর্মীসহ শতাধিক আহত হয়।
এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে সোমবার বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় নগর বিএনপি।
রোববার গভীর রাতে জামায়াত-বিএনপির প্রায় ২১শ নেতাকর্মীকে আসামি করে নগরীর কোতোয়ালি ও খুলশী থানায় মোট ৬টি মামলা দায়ের করা হয়।
সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাবেক হুইফ সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ১৪ ২০১২
এমইউ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসটঅন্ট আউটপুট এডিটর