দৈনিক কালের কণ্ঠের সাহিত্য ম্যাগাজিন শিলালিপি আয়োজন করেছিল ‘শিলালিপি হাসির গল্প প্রতিযোগিতা- ২০১১’। ১৬ জুন এ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার।
‘শিলালিপি হাসির গল্প প্রতিযোগিতা-২০১১’- এর প্রথম পুরস্কারজয়ী হলেন বগুড়ার আমির খসরু সেলিম, দ্বিতীয় পুরস্কারজয়ী ঢাকার মোহাম্মদ যায়েদ হোসেন ও তৃতীয় পুরস্কারজয়ী সাভারের মোরশেদ আলম সুমন।
এছাড়া অন্যান্য গল্পকাররা হলেন যথাক্রমে ইদরিস আলী মধু, শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, হাসনাইন হীরা, সেলিম মোল্লা, মহি মুহাম্মদ ও মহসীন চৌধুরী জয়।
এ হাসির গল্প প্রতিযোগিতায় জমা পড়ে দেশের বিভিন্ন জেলা থেকে পাঠানো প্রায় সাড়ে পাঁচশো গল্প। এর মধ্যে জুড়িবোর্ড কর্তৃক ১০টি গল্প চূড়ান্ত বলে বিবেচিত হয়।
বিজয়ীদের উদ্দেশ্যে সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, আমরা আপনাদের জন্য একটি দরজা খুলে দিয়েছি, আমরা নানান বিষয়ে প্রতিযোগীতা করবো। তবে একজন ভালো লেখক হতে হলে, বেশি বেশি পড়তে হবে। পড়ার কোন বিকল্প নেই। যে যত বেশি পড়বে, লেখকের হাত দিয়ে তত বেশি ভালো লেখা বেরিয়ে আসবে।
তিনি আরো বলেন, আমাদের দেশে অনেক বিখ্যাত সাহিত্যিক আছেন, যাদের হাসির গল্প আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, যাদের হাসির গল্প পড়লে আপনা আপনিই হাসি আসে। বর্তমানের অনেক নবীন লেখন আছেন, যারা তাদের বইতো পড়েই না, অনেকের নাম বলতে পারে না। তাই ভালো লেখক হতে হলে, হাসির গল্পকার হতে বেশি বেশি করে পড়তে হবে।
সাহিত্য সাময়িকী শিলালিপির বিভাগীয় সম্পাদক মাসুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার সাইফুল ইসলাম হেলালী, কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক চৌধুরী আফতাবুল ইসলাম, উপ-সম্পাদক মোস্তফা কামাল, উপ-সম্পাদক টিটু দত্ত গুপ্ত, উপ-সম্পাদক পারভেজ খান, প্রধান প্রতিবেদক আবদুল্লাহ আল ফারুক ও শুভসংঘ ও ইভেন্ট সম্পাদক সাজ্জাদুল ইসলাম নয়ন।
প্রথম পুরস্কারজয়ীকে দেওয়া হয় ত্রিশ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কারজয়ীকে বিশ হাজার, তৃতীয় পুরস্কারজয়ীকে পনেরো হাজার টাকা। এছাড়া পরবর্তী সাতজন লেখককে দেয়া হয় পাঁচ হাজার টাকা করে।
বাংলাদেশ সময় : ১৬০৪, জুন ১৭, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক