ঢাকা: পদ্মা সেতুর পরামর্শক কানাডিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি (স্থানীয়) জিয়াউল হককে আজ রোববার জিজ্ঞাসাবাদ করতে পারছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত সংশ্লিষ্টরা রোববার বাংলানিউজকে জানায়, নোটিশ অনুযায়ী জিয়াউল হককে আজ জিজ্ঞাসাবাদের কথা থাকলেও তিনি দেশের বাইরে থাকায় তা করা যাচ্ছে না।
দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্যও বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, গত সপ্তাহে নোটিশে জিয়াউল হককে ২৪ জুন সকাল ১০টার মধ্যে দুদক কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে জাতীয় সংসদের হুইপ নূর আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী চলতি মাসে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সাবেক যোগাযোগ মন্ত্রী ও বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে শিগগির কমিশনের বাইরে পরামর্শক নিয়োগ বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১২
এডিএ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর