রংপুর: নিখোঁজ হওয়ার তিনদিন পর বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাশেমপুর এলাকা থেকে শাহাদত হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহাদত মিঠাপুকুর উপজেলার ময়নপুর গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ময়নপুর গ্রামের শুকেরের হাট এলাকার শাহাদত হোসেনের সঙ্গে প্রতিবেশী ভুট্টুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে জমিজমা নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এরপর শাহাদত হোসেন নিখোঁজ হন।
পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেন। স্থানীয়রা বৃহস্পতিবার কাশিমপুরের একটি বাঁশবাগানে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বাংলানিউজকে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মে ২৪, ২০১২
সাজ্জাদ হোসেন বাপ্পী/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর