ঢাকা: সিরিয়ার চলমান সহিংসতা চরম রুপ ধারণের প্রেক্ষিতে গত ৪৮ ঘণ্টায় ৩০হাজারের বেশি শরণার্থী সীমান্ত অতিক্রম করে লেবাননে প্রবেশ করেছে। শুক্রবার জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা(ইউএনএইচসিআর) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার মেলিসা ফ্লেমিং এ প্রসঙ্গে বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ৪৮ ঘন্টায় ত্রিশ হাজারের বেশি শরণার্থী সীমান্ত অতিক্রম করে লেবাননে প্রবেশ করেছে। তবে সংস্থার পক্ষ থেকে প্রকৃত অবস্থা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে আরো শরণার্থী প্রবেশের জন্য লেবানন তার সিরিয়া সীমান্ত উন্মুক্ত রেখেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
জেনেভাতে এক সংবাদ সম্মেলনে মেলিসা বলেন, সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত সিরিয়ার অভ্যন্তরেই প্রায় দশ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। সিরিয়ায় কার্যক্রম পরিচালনারত সিরীয় রেড ক্রিসেন্ট এ তথ্য প্রদান করে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ২০,২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর