 |
কলম্বো: আগামী মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে খেলার ঘোষণা দিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। খুব সম্ভবত মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার।
গত বছর নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলেছেন মুরালি। প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে বিগ ব্যাশে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন ৪০ বছর বয়সী ক্রিকেটার। বর্তমানে খেলছেন ইংল্যান্ডের গ্লোস্টারশায়ারে। এছাড়া চলতি বছর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র দল চিটাগং কিংসে।
বিগ ব্যাশে খেলতে দারুণ আগ্রহী মুরালিধরন। এবিষয়ে তার ভাষ্য, ‘হ্যাঁ, আগামী মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে খেলতে যাচ্ছি। সম্ভবত এটাই বিগ ব্যাশে আমার শেষ অংশগ্রহণ।’ এর আগে ২০০৯ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন ডানহাতি স্পিনার। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার জন্য সেবার চুক্তির শর্ত রক্ষা করতে পারেননি।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস