 |
ঢাকা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘নিলম’ বুধবার সন্ধ্যায় ভারতের উত্তর তামিলনাড়– এবং তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নং ৯) বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘নিলম’ সামান্য উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে।
বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৪৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৮০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬১০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় ‘নিলম’ আরও ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং সন্ধ্যা নাগাদ ভারতের উত্তর তামিলনাড়– এবং তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি। যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৫ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময় : ১০২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১২
এমআইএইচ/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর, Kumar.sarkerbd@gmail.com