 |
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে তার ‘মুসলমানি’ গল্প অবলম্বনে একটি নাটক নির্মাণ করছেন আলোচিত পরিচালক নূরুল আলম আতিক। নাটকটির নাম ‘না কমলা না মেহেরজান’। এ নাটকে কমলা ও মেহেরজান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।
রবীন্দ্রনাথের এ গল্পটি নিয়ে প্রথমে ছবি নির্মাণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা নূরুল আলম আতিক। কিন্তু মানসম্পন্ন ছবি নির্মাণের জন্য পর্যাপ্ত বাজেট সংস্থান করতে না পারায় গল্পটি নিয়ে নাটক নির্মাণ করছেন তিনি।
এ প্রসঙ্গে নূরুল আলম আতিক বাংলানিউজকে বলেন, ২০১১ সালে সরকারের পক্ষ থেকে ঘোষনা দেয়া হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে তার গল্প অবলম্বনে চারজনকে চারটি সিনেমা বানানোর জন্যে অনুদান দেয়া হবে। সে উদ্দেশ্যেই ঠিক করি রবীন্দ্রনাথের এ গল্পটি নিয়ে কাজ করবো। কিন্তু এক বছর পর যোগাযোগ করলে জানতে পারি সরকারের বরাদ্দ বাজেট শেষ। তাই ছবির চিন্তা বাদ দিয়ে গল্পটি নিয়ে এখন নাটক বানাচ্ছি।
জয়া আহসানকে এ নাটকের প্রধান চরিত্রে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, চ্যালেঞ্জিং চরিত্রে জয়ার অতি সাধারণভাবে মিশে যাওয়ার অদ্ভুত ক্ষমতা আছে। এ চরিত্রকে যথাযথভাবে উপস্থাপনে দিক থেকেও জয়ার বিকল্প নেই। তার অভিনয় আমাকে আগেও মুগ্ধ করেছে। আমি এবারও মুগ্ধ হয়েছি।
নাটকটির কাজ সম্পর্কে তিনি জানান, গাজীপুরের শালবন ও নবাবগঞ্জসহ বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং করা হয়েছে। শুটিংয়ের কাজ শেষ। এবার বাকি কাজ শেষ করেই নাটকটি প্রচারের ব্যবস্থা নেয়া হবে।
জয়া আহসান ছাড়াও নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শংকর সাওজাল, অশোক ব্যাপারী, আহমেদ রুবেল এবং মনিরা মিঠু।
বাংলাদেশ সময়, ১৮২০, জুন ১০, ২০১২
সম্পাদনা : অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর