ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দাম কমার শীর্ষে অবস্থান করছে ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ২৭ দশমিক ৫৬ শতাংশ কমে টপ লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে।
এছাড়া দাম কমার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে আইসিবি ফার্স্ট এনবিআর কোম্পানির শেয়ারের দাম। এদিন এ কোম্পানির শেয়ারের দাম ৯ দশমিক ৯৩ শতাংশ কমে যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১২২ দশমিক ৫ টাকায় এবং সর্বনিম্ন ১১৬ দশমিক ৫ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ ফান্ডের সর্বশেষ দাম ছিল ১৬১ দশমিক ১ টাকা। তবে বুধবার এ ফান্ডের শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১১৬ দশমিক ৭ টাকায়। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ফান্ডের শেয়ারের দাম ৪৫ টাকা কমে যায়।
উল্লেখ্য, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক হিসেব পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য মোট সাড়ে ৩৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ শেয়ার প্রতি ১ দশমিক ২৫ টাকা লভ্যাংশ এবং ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়া হবে।
অন্যদিকে, বুধবার আইসিবি ফার্স্ট এনবিআর কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ২৭ দশমিক ৩ টাকায় এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৩ টাকায় লেনদেন হয়।
এছাড়া গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ২৯ দশমিক ২ টাকায় লেনদেন হয়েছিল। একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার প্রায় ৩ টাকা দাম কমে যায়।
বুধবার ডিএসইতে দাম কমার শীর্ষে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- ফারইস্ট লাইফ ইন্সুরেন্স ২৭ দশমিক ৫৬ শতাংশ, আইসিবি ফার্স্ট এনবিআর ৯ দশমিক ৯৩ শতাংশ, পঞ্চম আইসিবি ৯ দশমিক ৭৮ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট ৯ দশমিক ২৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ৮ দশমিক ৪৯ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্স ৮ দশমিক ০৩ শতাংশ, দেশ গার্মেন্টস ৬ দশমিক ৫৪ শতাংশ, ফার্স্ট বিএলআরএস ৫ দশমিক ৮৮ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্স ৫ দশমিক ৮২ শতাংশ এবং এইচআর টেক্সটাইল ৫ দশমিক ৭৬ শতাংশ দাম কমেছে।
লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে বুধবার ডিএসইতে দাম কমায় ডিএসইর শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছ- মেঘনা কনডেন্স মিল্ক, ফিনিক্স ইন্সুরেন্স, রিলায়েন্স-১, পদ্মা লাইফ ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, বেক্স ফার্মা, অগ্রণী ইন্সুরেন্স, এইচআর টেক্সটাইল, মার্কেন্টাইল ইন্সুরেন্স এবং ডেল্টা স্পিনিং।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর