 |
| ছবি:রাজীব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবারের সংবাদ সম্মেলনে রাশিয়া সফর ও অস্ত্রচুক্তি নিয়ে অনেক কথা বললেও সব কথা বলেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এই সভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠন।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সংবাদ সম্মেলন করেছেন, আপনাকে ধন্যবাদ। সম্মেলনে আপনি অনেক কথা বলেছেন, কিন্তু সংসদে পেপারস দেখান, পড়ে দেখি।’’
চুক্তির নানা বিষয়ে আপত্তি তুলে ধরে মওদুদ বলেন, “সাড়ে চার শতাংশ সুদের হার, নিম্মমানের অস্ত্র আসবে, তারা যা দেবে তাই নিতে হবে-এটা হতে পারে না।’’
‘দেশে আওয়ামী লীগের শাসন আছে, আইনের শাসন নেই’ মন্তব্য করে মওদুদ বলেন, “মির্জা ফখরুলকে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে বারবার। এটা আইনের অপব্যবহার, অপপ্রয়োগ। জামিন পাওয়ার পর আবার মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আটকে রাখা আইনের শাসন নয়।”
ডিসি হারুনের পদকপ্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, “এই পদক দেওয়ার মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা রাষ্ট্রীয় সন্ত্রাসে বিশ্বাস করে। বিরোধীদলকে দমনের কাজে সন্ত্রাস প্রশ্রয় দেয় সরকার।”
সরকারের উদ্দেশে মওদুদ বলেন, ‘“সব নেতারা জেলে থাকলে আন্দোলন হবে না-এমন ভাবার কোনো কারণ নেই। উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি আসবে।”
তিনি বলেন, “দেশে এখন মিথ্যাচারের রাজনীতি চলছে। সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছ থেকে এখন সত্য কথা আসে না। অন্যায় স্বীকার করে না। বিশ্বজিতকে কুপিয়ে হত্যা করেছে। ছাত্রলীগের কাণ্ড হিসেবে স্বীকার করলো না। দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন প্রধানমন্ত্রী। তিনি তা করেন নি।”
মওদুদ বলেন, “২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা করে দেশের মানুষের কাছে এই দলটি (আওয়ামী লীগ) কলঙ্কিত দল হিসেবে চিরদিন চিহ্নিত হয়ে থাকবে।”
সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, মেজর (অব.) এম এম মেহবুব রহমান, তাঁতি দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, জিয়া সেনা নেতা মঞ্জুর হোসেন ইসা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এসকেএস/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর