 |
ঢাকা: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘‘দেশে চলছে চাটুকারতন্ত্র। চাটুকারিতা কর, পা ধর এগিয়ে যাও। আর ভাল লোক মূল্যায়ন পাচ্ছে না।এভাবে দেশের উন্নয়ন সম্ভব নয়।’’
বৃহস্পতিবার সন্ধ্যায় গণফোরাম কার্যালয়ে সাবেক হুইপ আব্দুর রউফ এর প্রথম মৃত্যূ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. কামাল আরও বলেন, ‘‘আইনের অনুশাসন নয় দেশে কুশাসন চলছে। বড় বড় অপরাধীরা মুক্তি পাচ্ছে। ক্ষতিগ্রস্তরা প্রতিকার পাচ্ছে না। যাদেরকে জনগণ দায়িত্ব দিয়েছে তারা পুরোপুরি ব্যর্থ।’’
তিনি বলেন, ‘‘আগে ছিল মিডিয়ার সৃষ্টি। আর বর্তমান সব কিছুতে ষড়যন্ত্র। রাষ্ট্রের তো দায়িত্ব রয়েছে তারা কি করেন। চট্টগ্রামের ঘটনাও কি তাহলে ষড়যন্ত্র বলা হবে?’’
ড. কামাল বলেন, ‘‘এমপিরা সংসদে যাননা। তারা বিদেশে থাকতে ভাল বাসেন। জনগণের কথা বলতে সংসদে যেতে ভাল লাগে না। কিন্তু তাদের নিজেদের সুযোগ সুবিধা বাড়াতে সরকার ও বিরোধী দলের ঐক্যমত দেখা যায়।’’
তিনি বলেন,‘‘দৃষ্টি আকর্ষণ করতে আর কত শ্রমিককে পুড়ে মরতে হবে। শ্রমিকের নিরাপত্তার জন্য ১৫ বছরে অনেক মামলা দিয়েছি। কোর্ট আদেশও দিয়েছে। কিন্তু কোর্টের আদেশ বাস্তবায়ন হয়নি। রাষ্ট্র নিয়ে পুতুল খেলা চলছে।’’
গার্মেন্টসে অগ্নিকাণ্ডের পর সেখানে পানি পাওয়া গেলনা কেন? আগে সে বিষয়টি ভাবা হলনা কেন? কারখানা মালিক কেন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করল না সে প্রশ্নের উত্তর নেওয়ার সময় এসেছে।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন,‘‘তত্ত্বাবধায়কের কাজের সুবিধা নিবেন। আর তার বিরোধীতা করবেন তা হয়না। ইন্দোনেশিয়ার সুহার্তো থেকে যারাই দুই নম্বরী করেছে তাদেরকে জনগণ কিক আউট করেছে। ষড়যন্ত্র্ করলে আপনাদেরকেও কিক আউট করবে জনগণ।’’
আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনাদেরকে জবাব দিতে হবে। মিডিয়া ক্যূর মালিক হত্যাকারী এরশাদকে কেন ১৪ দলে এনে মহাজট সৃষ্টি করলেন।’’
তিনি বলেন, ‘‘মহাচোরদের সাধারণ ক্ষমা ঘোষণা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। সংগঠিত হতে পারলে তারা সফল হতে পারবে না।’’
গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, “আওয়ামী লীগ ও বিএনপির দলের মধ্যেই গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র আনবে কি ভাবে। সবই চলছে একনায়কতান্ত্রিক। দেশে গণতন্ত্র চালু করতে হলে এই দুই দলকে সরাতে হবে।”
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণফোরামের সভাপতি পরিষদ সদস্য অ্যাড. সুব্রত চৌধুরী, জগলুল আফ্রিক, যুব গণফোরাম সভাপতি কাজী হাবিব, গণফোরাম সম্পাদক মন্ডলীর সদস্য গোলাম রব্বানী বাবুল প্রমূখ।
বাংলাদেশ সময়: ০২৪৯ঘন্টা, নভেম্বর ৩০, ২০১২
ইএস/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর