ব্রাহ্মণবাড়িয়া: এ সরকারের সময়েই যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে। বিএনপি-জামায়াতের কোনো চক্রান্তই যুদ্ধাপরাধীদের বিচার কাজ ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।
তিনি আরও বলেন, “হরতাল দিয়ে কিংবা গাড়ি পুড়িয়ে যুদ্ধাপরাধীদের রক্ষা করা যাবে না। বিএনপি নেত্রী মুখে যুদ্ধাপরাধীদের বিচার চাইলেও কাজকর্মে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ব্যাহত করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এদেশের জনগণের এখন একটাই দাবি যুদ্ধাপরাধীদের বিচার। আওয়ামী লীগ সরকার যে কোনো মূল্যে জনগণের এই দাবি পূরণ করবে।”
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়ের দুলাল, মাসুদ করিম সাজু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নাছির উদ্দিন নাছিম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন টিপু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
মাসুক হৃদয়/সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর