চাঁদপুর: চাঁদপুর-লাকসাম রেলপথের চিতোষী এলাকায় রোববার তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় সাড়ে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সন্ধ্যায় চাঁদপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
কিন্তু তেলবাহী ট্রেনের ৪টি বগির প্রতিটিতে থাকা ২৪ হাজার লিটার করে কয়েক লাখ টাকার তেল মাটিতে পড়ে বিনষ্ট হয়েছে। এছাড়া এলাকার লোকজন রাতে অনেক তেল নিয়ে গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালেও অনেক ছেলে-মেয়েকে বোতল, পাতিল ও বালতিতে করে তেল নিতে দেখা গেছে।
এদিকে, উদ্ধার কাজ অনেকটা শেষ হওয়ায় সোমবার সন্ধ্যা ৬টায় সাগরিকা এক্সপ্রেস নামে একটি ট্রেন চাঁদপুর বড় স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।
এর আগে রোববার বিকেল সাড়ে ৫টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ক্যারেজ ডিপো প্রকৌশলী আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। পরে সোমবার সন্ধ্যায় বগিগুলো রেললাইনের ওপর থেকে সরানো শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর