 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
পাল্লেকেলে: বিশ্বকাপ ভেন্যুতে পা রাখার আগে আন্তর্জাতিক ক্রিকেটেই ছিলো নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে বেশি একটা খেলা না হলেও ওয়ানডে এবং টেস্ট খেলেছে। খেলার ভেতরে থাকাটাই আসল। বেসিক ক্রিকেট খেলে বিশ্বকাপও মাতিয়ে যেতে পারে।
টপ-অর্ডার ব্যাটসম্যান মার্টিন গুপটিল মনে করেন ভালো খেলেই তারা শীর্ষ আটে জায়গা করে নিতে পারবেন। তার মতে, ‘টি-টোয়েন্টিতে কোন অনুমান কাজে লাগে না। কোন দলের কাছ থেকে ম্যাচ বের করে নেওয়ার জন্য একজনই যথেষ্ট। আমরা মুখিয়ে আছি আসন্ন ম্যাচ দুটো খেলার জন্য । আমরা শীর্ষ আটে খেলতে চাই।’
এক সপ্তাহ আগে টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫৬ এবং দক্ষিণ আফ্রিকার কাছে ৯ রানে হেরেছে নিউজিল্যান্ড। কিন্তু গুপটিল বলছেন, ‘আমরা এক সপ্তাহ আগে ভারতকে হারিয়েছি তাদের মাঠে। শেষ ওয়ার্মআপ ম্যাচ অস্টেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। সেগুলো আমরা পেছনে ফেলে এসেছি এবং নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’
বাংলাদেশ ও নিউজিল্যান্ড একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছে। ২০১০ সালে দেশে ফেভারিট হিসেবেই জিতেছে কিউইরা। ২১ আগস্ট টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। বিশ্বকাপে আবার প্রথম দেখা। ওই ম্যাচের আগে ঘুরেফিরে আসছে ২০১০ সালের ওয়ানডে সিরিজের কথা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে ৪-০ তে ধবলধোলাই হয়েছিলো ড্যানিয়েল ভেট্টরির দল। ওসব পরিসংখ্যান হয়তো আমলে নিতে চাইবে না তারা। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের সিরিজটি টি-টোয়েন্টিতে ভালো খেলতে সাহস যোগাবে।
ডি গ্রুপকে ‘গ্রুপ অব ডেথ’ বলা হচ্ছে বাংলাদেশের জন্যই। বাংলাদেশ ভালো খেললে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের যে কোন একটি দল ছিটকে যেতে পারে চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। গুপটিলও মানছেন, ‘কঠিন একটা গ্রুপ হয়েছে। বাংলাদেশ অনেক এগিয়েছে এবং কঠিন একটি ম্যাচ হবে। আমরা তাদের সুযোগ দিতে চাই না। তাদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার আছে। সেজন্য তাদের সম্মান করি। যে ভাবে খেলছি তা করতে পারলে আমাদের হাতে নিয়ন্ত্রণ থাকবে।’
বাংলাদেশ দলে মূল খেলোয়াড় যে সাকিব আল হাসান তা ভালো করে জানে নিউজিল্যান্ড। তার জন্য বিশেষ পরিকল্পনাও আছে, ‘সে তাদের একজন বিশ্বমানের খেলোয়াড়। বিষয়টি আমাদের জানা আছে এবং তাকে আটকাতে প্রয়োজনীয় সব কিছু করবো।’
সম্প্রতি ভারতে খেলে আসায় স্পিনের বিপক্ষে খেলতে অপ্রস্তুত হবে না বলে জানান কিউই ব্যাটসম্যান, ‘ভারতের চেন্নাইয়ে টি-টোয়েন্টিতে যেভাবে স্পিন খেলেছি। সেভাবে খেলতে পারলে প্রয়োজনীয় রান করতে পারবো।’
ক্যান্ডি সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এসএ/সিজি