 |
ময়মনসিংহ: শেকড়ের টানে পিকআপ ভ্যান চেপে ঢাকা থেকে বাড়ি ফিরছেন কামাল হোসেন (২৯)। উদ্দেশ্য বাবা-মায়ের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। এজন্য ভাড়া হিসেবে তাকে গুণতে হয়েছে ১৭০ টাকা।
কামাল জানেন, ঈদের সময় পিকআপ ভ্যানে করে ব্যস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল করা ঝুঁকিপূর্ণ। কিন্তু অল্প-স্বল্প ভাড়া আর মায়ের কাছে ফেরার আকুতি এ দুইয়ে মিলে ঝুঁকির কথা বেমালুম ভুলে গেছেন তিনি।
শুধু কামাল হোসেন একাই নয়, পিকআপ ভ্যানে করে এভাবে ঢাকা থেকে ময়মনসিংহে আসছেন শত শত ঘুরমুখো নিম্নবিত্ত মানুষ। তারা পিকআপ ভ্যানের চালকের সঙ্গে থাকা সামনের আসনে এবং ভ্যানের পেছনে গাদাগাদি করে বাড়ি ফিরছেন। এদের দলে রয়েছেন শিশু থেকে শুরু করে নারী ও বয়স্করাও।
শনিবার রাত ১০টার দিকে কামালদের বহনকারী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৪৩৩৮০) ময়মনসিংহ সদরের বাইপাস মোড় এলাকা অতিক্রম করার সময় এ প্রতিনিধির অনুরোধে পিকআপ ভ্যান থামান চালক আলমাছ উদ্দিন (৩৫)। এ চালকের পিকআপের সামনে ৩ জন এবং পেছনে জনা বিশেক যাত্রী ছিলেন।
পিকআপ ভ্যানের চালক আলমাছ উদ্দিন (৩৫) বাংলানিউজকে জানান, ঢাকার মহাখালী বাস টার্মিনালের সামনে থেকে শনিবার রাত সাড়ে ৮টায় প্রায় ১৫ জন যাত্রী নিয়ে ময়মনসিংহের ধোবাউড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। এরপর পথে আরও ৮ জন যাত্রী উঠিয়েছেন। স্থানভেদে একেকজন যাত্রীর কাছ থেকে একেক রকম ভাড়া আদায় করা হচ্ছে।
স্ত্রী ও দু’সন্তান নিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে পিকআপ ভ্যানে চড়েছেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মকবুল হোসেন (৪২)। ট্রেনে পা রাখার মতো কোনো জায়গা না থাকায় বাধ্য হয়েই এ পিকআপ ভ্যানে চড়েছেন তিনি।
গাজীপুরের একটি গার্মেন্টসে কর্মরত এ শ্রমিক নিজের মুখেই বলেন, ‘ট্রেনের টিকেট কেটেছিলাম। কিন্তু দাঁড়ানোর মতোও কোনো জায়গা নেই। বাসে গেলে জনপ্রতি ৩৫০ টাকা করে লাগবে। আর পিকআপ ভ্যানে করে ধোবাউড়া পর্যন্ত যেতে ভাড়া দিতে হবে মাত্র ২২০ টাকা।’
‘মিরসরাই ট্র্যাজেডির কথা মনে আছেন কিনা’ এ প্রশ্ন করতেই রীতিমতো অবাক মকবুল।
আঞ্চলিক ভাষায় বলেন, ‘আমরা মুর্খ মানুষ। এইসব ট্র্যাজেডি-ম্যাজেডি বুঝি না। কম ভাড়া দিয়া বাড়ি যাইতে পারতাছি। হ¹লরে (সবাইকে) লইয়া ঈদ করুম। এডাই আমগোর কাছে আনন্দের।’
২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ভ্যান উল্টে ৩৯ শিক্ষার্থী নিহতের বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে এ পিকআপ ভ্যানের চালক আলমাছ উদ্দিন বলেন, ‘এই কতা হুনছি। কিন্তুক অহন ঈদ মওসুম। ভাড়া মারতে পারতাছি। কয়েকটা টাকা বেশি পাইলে ভালা কইরা ঈদটা করতে পারুম। এ কারণেই যাত্রীগরে উডাইছি।’
বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর