৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:১৮ এএম BDST banglanew24
07 Aug 2012   11:21:43 AM   Tuesday BdST
E-mail this

আপিল বিভাগেও মধুমতি মডেল টাউন অবৈধ ঘোষণা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপিল বিভাগেও মধুমতি মডেল টাউন অবৈধ ঘোষণা

ঢাকা: রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারে গড়ে ওঠা মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

মধুমতি মডেল টাউনের আবেদন খারিজ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদন গ্রহণ করে মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ এ রায় দেন।

আদালতে মধুমতি মডেল টাউন কর্তৃপক্ষ এবং প্লট গ্রহীতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

বেলার পক্ষে ছিলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও অ্যাডভোকেট ইকবাল কবির লিটন।

ইকবাল কবির লিটন জানান, বন্যা-প্রবাহ এলাকায় পরিবেশ অধিদপ্তর এবং রাজউকের অনুমোদন ছাড়া মেট্রো মেকার্স ডেভেলপমেন্ট লিমিটেড মধুমতি মডেল টাউন হাউজিং প্রকল্প গ্রহণ করে। নিচু ভূমি ভরাট করে ওই প্রকল্পে প্লট বিক্রি শুরু করে তারা। এ অবস্থায় প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৪ সালে হাইকোর্টে রিট আবেদন করে বেলা।

রিট আবেদনে বলা হয়, বন্যা-প্রবাহ এলাকায় নালা ও নিচু জমি দেখিয়ে মধুমতি মডেল টাউনে গ্রাহকের কাছে প্লট বিক্রি করে। এই গ্রাহকদের প্লট বুঝিয়ে দেওয়ার জন্য প্রায় সাড়ে পাঁচশো একর নিচু জমিতে মাটি ভরাট শুরু করে।  অথচ বন্যা-প্রবাহ এলাকায় এই মাটি ভরাট আইনত অবৈধ। এই প্রকল্প গ্রহণের আগে তারা রাজউক ও পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে অনুমোদনও নেয়নি।

ওই আবেদনে ভূমি, গৃহায়ণ ও গণপূর্ত এবং পরিবেশ মন্ত্রণালয়, রাজউক ও মেট্রো মেকার্স ডেভেলপমেন্ট কোম্পানিকে বিবাদী করা হয়।

হাইকোর্ট এ আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকল্পের কাজে স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০০৫ সালের ২৭ জুলাই হাইকোর্ট মধুমতি মডেল টাউন প্রকল্প অবৈধ ঘোষণা করে। পাশাপাশি প্লট গ্রহীতাদের স্বার্থ সংরক্ষণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

২০০৬ সালে প্লট গ্রহীতাদের স্বার্থ সংরক্ষণ করে দেওয়া রায়ের বিরুদ্ধে বেলা এবং প্রকল্প অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরুদ্ধে মেট্রো মেকার্স এবং প্লট গ্রহীতারা ২০০৯ সালে আপিল করে।   

এ আপিলের শুনানি শেষে মঙ্গলবার আপিল বিভাগ রায় দেন।

রায়ে প্লট গ্রহীতাদের ব্যাপারে কি বলা হয়েছে তা জানা যায়নি। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে বিস্তারিত জানা যাবে বলে জানান ইকবাল কবির লিটন।

বাংলাদেশ সময়:১১২০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এমইএস/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান