খুলনা: সমাবেশে ট্রাইব্যুনালের রায় মানে না বলে জানিয়েছে খুলনা জামায়াতের নেতারা। মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার রায় ঘোষণার পর খুলনায় এ সমাবেশ করে জামায়াত।
মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টায় খান-জাহান আলী রোডস্থ কার্যালয়ের সামনে ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে এ সমাবেশের আয়োজন করে খুলনা মহানগর জামায়াত।
সমাবেশে জামায়াত নেতাদের চেয়ে শিবির নেতাদের উপস্থিতি অনেক বেশি ছিল।
এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ।
সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মহানগর শিবির সভাপতি সাইদুর রহমান সাইদ, নগর শিবির সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী প্রমুখ।
বক্তারা বলেন, কাদের মোল্লার ওপর সরকারের জুলুম করা হয়েছে। যেসব অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে তিনি সে রকম কিছুই করেননি। আমরা সরকারের সাজানো এ ট্রাইব্যুনাল মানি না। প্রহসনমূলক রায়ও মানি না।
সমাবেশে নেতারা বলেন, জামায়াতসহ বিরোধী দলকে সভা-সমাবেশ ও মিছিল করতে বাধা দিয়ে সরকার গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার হরণ করছে।
তারা অবিলম্বে ট্রাইব্যুনাল বাতিলসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবি জানান।
এসময় বিপুলসংখক পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমাবেশের সামনে পেছনে অবস্থান করতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর