 |
ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সচিবালয়ে বোমা বিস্ফোরণ মামলায় জামিন পেলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় তার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
এছাড়া রাজধানীর নয়াপল্টনে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বোমা নিক্ষেপ, পুলিশের ওপর বাধাদান ও হত্যার উদ্দেশ্যে তাদের ওপর আক্রমণ করার অভিযোগে পল্টন থানার একটি মামলায় বিএনপি নেতা সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হকের জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ আদেশ দেন।
এর আগে সকালে সচিবালয়ে বোমা বিষ্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো সংক্রান্ত পৃথক দু’টি মামলায় রিজভী ও সিরাজুল হকের জামিনের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
রিজভীর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে এ শুনানি করেন।
উল্লেখ্য, সচিবালয়ে বোমা বিষ্ফোরণ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে ঢাকার শাহবাগ ও তেজগাঁও থানায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নামে পৃথক দুটি মামলা করে পুলিশ।
এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ড. খন্দকার মোশারফ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা, বিএনপি নেতা আব্দুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, শাম্মী আকতার, রেহানা আক্তার, নীলুফার মনিসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের আসামি করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বুধবার ঢাকার মহানগর হাকিম এরফান উল্লাহ মীর্জা ফখরুলসহ বিএনপির ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে কাকরাইল মোড় থেকে গ্রেফতার হন রুহুল কবির রিজভী।
১ মে তাকে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় ১০ দিন ও তেজগাঁও থানার একটি গাড়ি পোড়ানোর মামলায় ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক শুনানি শেষে রিজভীকে রিমান্ডে নেবার আবেদন নাকচ করে দিয়েছিলেন।
সিরাজুলের মামলার এজাহারে গত ১৯ এপ্রিল বিএনপির পল্টনস্থ কার্যালয়ের সামনে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বোমা নিক্ষেপ, পুলিশের ওপর বাধাদান ও হত্যার উদ্দেশ্যে তাদের ওপর আক্রমণ করার অভিযোগ আনা হয়।
বাংলাদেশ সময় : ১৬৩৭ ঘণ্টা, মে ১৭, ২০১২
এমআই / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর