ঢাকা: বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘পুলিশের কাছ থেকে নিরাপদ দূরত্ব রজায় রেখে সংবাদ সংগ্রহ করার কথা বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার শপথ ভঙ্গ করেছেন। এ কারণে তার পদত্যাগ করা উচিৎ। এজন্য তাকে জাতির কাছে ক্ষমাও চাইতে হবে।’
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘দেশ রক্ষা আন্দোলন’ আয়োজিত জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবাষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশ থেকে নিরাপদ দূরত্ব বজায় থাকার কথা বলেছেন।
ফারুক বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষের দল দাবি করলেও তারা প্রকৃত স্বাধীনতার দল নয়। মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ নেতারা কলকাতায় অবস্থান করছিলেন।’
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘বিএনপির জন্ম হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা জন্য।’
এ সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে দাবি করে তিনি বলেন, ‘এর ফলে প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।’
সংগঠনের সভাপতি এম সানোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেঃ জেঃ (অব.) মাহবুবুর রহমান, বরকত উল্লা বুলু এমপি, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মে ৩১, ২০১২
এনএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর